খুঁটি ও বেহুন্দি জাল বৈধ করার দাবি জেলেদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুঁটি জাল, বেহুন্দি জাল নিষিদ্ধ করা-সংক্রান্ত আইন বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রামের জেলেরা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন জেলে সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষ। উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশন এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘জলদাস ভাইদের বাঁচাও,’ ‘জল আমাদের জীবন, জল আমাদের প্রাণ, বেহুন্দি জাল, খুঁটি জাল নিষিদ্ধ-সংক্রান্ত কালো আইন বাতিল কর’ এ ধরনের বিভিন্ন স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন ছিল। কর্মসূচিতে বক্তব্য দেন ফেডারেশনের সভাপতি লিটন দাশ, সাধারণ সম্পাদক হরি দাশ, সোনাবাবু দাশ, শচীন্দ্র লাল দে প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে বেহুন্দি জাল, বাঁধা জাল, বিঙ্গি জাল, চিংড়িপোনা ধরা জাল, খুঁটি জাল, টং জাল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এসব জাল দিয়ে জেলেরা বংশপরম্পরায় মাছ ধরে আসছে। হঠাৎ করে এই জাল নিষিদ্ধ করে তা জব্দ করা হচ্ছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক দিনে পাঁচ শতাধিক জেলের জাল ও সাগরে পুঁতে রাখা খুঁটি ধ্বংস করা হয়েছে। এতে বংশপরম্পরায় মাছ ধরা জেলেরা পরিবার-পরিজন নিয়ে অমানবিক পরিস্থিতিতে পড়েছে। জাল ধ্বংস করা হলেও এ জন্য কোনো ভর্তুকিও দেওয়া হচ্ছে না। তাঁরা এই আইন বাতিলের দাবি জানান।

 উত্তর চট্টলা উপকূলীয় মৎস্যজীবী জলদাস সমবায় কল্যাণ ফেডারেশনের অধীনে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে সীতাকুণ্ড উপজেলা পর্যন্ত প্রায় ৫২ হাজার জেলে রয়েছেন।