ঝালকাঠিতে বিদ্যুতের লাইন সংস্কার
খুঁটি স্থাপনে ধীরগতি, অনিয়মের অভিযোগ
৯ মাসে ওই প্রকল্পে ৮০০ খুঁটির মধ্যে ৩০০টি স্থাপন করা হয়েছে। চলতি জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে।
ঝালকাঠিতে বিদ্যুতের লাইন সংস্কার, সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্পের কাজ দুই মাস ধরে বন্ধ আছে। গত ৯ মাসে ওই প্রকল্পে ৮০০ খুঁটির মধ্যে ৩০০টি স্থাপন করা হয়েছে। এখনো তার টানা হয়নি। চলতি জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, বিদ্যুৎ বিভাগ থেকে খুঁটি, তার ও বৈদ্যুতিক সরঞ্জামের সরবরাহ না পাওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধে নকশাবহির্ভূত খুঁটি স্থাপনের আশ্বাস দিয়ে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি প্রকল্পের মাধ্যমে এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ২০২০ সালের ১০ আগস্ট কার্যাদেশ পায় খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান ফারুক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ ও পুরোনো লাইন সংস্কারের জন্য ৫০০টি এলটি খুঁটি ও ৩৯০টি ১২ মিটারের এইচটি খুঁটি স্থাপন করতে হবে। এর সঙ্গে ৪০ কিলোমিটার বৈদ্যুতিক এইচটি কেব্ল, ৯৯ কিলোমিটারের এলটি কেব্ল, ৫৫ কিলোমিটারের অ্যান্ট কেব্ল, ২ হাজার কিলোমিটার সার্ভিস বেল্ট স্থাপন ও ২০টি ট্রান্সফরমার বসানোর কথা রয়েছে। খুঁটি, কেব্ল ও অন্যান্য মালামাল বিদ্যুৎ বিভাগ সরবরাহ করবে। খুঁটি স্থাপন ও তার টানার জন্য বরাদ্দ ৪৯ লাখ ৯১ হাজার টাকা। ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে। কিন্তু এ পর্যন্ত ৩০০টি খুঁটি স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, খুঁটি, তার ও বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ না থাকায় কাজ বন্ধ রাখতে হয়েছে। মালামাল সরবরাহ হলেই আবার কাজ শুরু করা হবে।
এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রকল্পের নকশার বাইরে আর্থিক সুবিধা নিয়ে খুঁটি স্থাপন করছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেকে অভিযোগ করেছেন, টাকা নিয়েও খুঁটি বসাতে গড়িমসি করছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঝালকাঠি শহরতলির কীত্তিপাশার মোড়ের কায়েদ পল্লি নামের একটি আবাসিক এলাকায় নকশার বাইরে ১২টি খুঁটি স্থাপন করা হয়েছে। শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি মাদ্রাসায় ছয়টি খুঁটি স্থাপন করা হয়েছে।
সদর উপজেলার রমনাথপুর এলাকার মিজানুর রহমান জানান, বাড়িতে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য ৬ মাস আগে ফারুক হোসেন ও তাঁর এক সহযোগীর কাছে ১২ হাজার টাকা দিয়েছিলেন। তাঁদের বাড়িতে খুঁটি যায়নি। খুঁটি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
শহরের কৃষ্ণকাঠি দত্তবাড়ি এলাকার বাসিন্দা আল আমিন বলেন, ‘আমাদের এলাকায় নতুন বিদ্যুৎ লাইনের জন্য ছয় মাস আগে তিনটি খুঁটি স্থাপন করা হয়েছিল। কিন্তু তার টানা হয়নি।’
এ বিষয়ে ঠিকাদার ফারুক হোসেন বলেন, নকশা ছাড়া কাজ করা ও টাকার বিনিময়ে খুঁটি দেওয়ার অভিযোগ সঠিক নয়। নকশা অনুযায়ী খুঁটি বসিয়ে নতুন লাইন টানা হবে।
বরিশাল ওজোপাডিকো সম্প্রসারণ ও পরিবর্ধন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার বলেন, ‘মালামাল সরবরাহ না থাকায় ঠিকাদার কাজ করতে পারছেন না। কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, শিগগিরই মালামাল সরবরাহ করা হবে।’ পরিতোষ চন্দ্র সরকার আরও বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। আর্থিক সুবিধা নিয়ে খুঁটি স্থাপনের বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’