খুঁড়ে রাখা নালা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা
খুঁড়ে রাখা নালায় বিপজ্জনকভাবে বেরিয়ে আছে রড, প্লাস্টিকের পাইপ। ভেতরে জমে আছে ময়লা পানি। চারপাশে নেই কোনো বেষ্টনী। নেই কোনো সতর্কসংকেতও। গত শুক্রবার এ অবস্থা দেখা গেছে সিলেট নগরের আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
প্রায় একই দৃশ্য দেখা গেছে নগরের আম্বরখানা, দরগাগেট, মজুমদারি, চৌকিদেখি, জিন্দাবাজার, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, মদিনা মার্কেট, সুবিদ বাজারসহ অন্তত ২২টি এলাকায়।
নগরবাসী বলছেন, নগরের বিভিন্ন স্থানে এভাবে নালা–নর্দমা খুঁড়ে উন্মুক্তভাবে ফেলে রেখেছেন ঠিকাদারেরা। এতে নালায় পড়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঘটছে প্রাণহানিও।
৭ ডিসেম্বর আম্বরখানা এলাকায় নির্মাণাধীন নালায় পড়ে যান প্রবীণ কবি আবদুল বাসিত মোহাম্মদ। তাঁর পেটে রড ঢুকে যায়। গত বৃহস্পতিবার তিনি মারা যান।
এ এলাকার চৌরাস্তা মোড়ের আশপাশে কয়েক মাস আগে নালা নির্মাণের কাজ শুরু হয়। শুরু থেকেই নির্মাণস্থল অরক্ষিত ও অনিরাপদ ছিল।
আম্বরখানা এলাকার মুহিবুর রহমান বলেন, এ এলাকার চৌরাস্তা মোড়ের আশপাশে কয়েক মাস আগে নালা নির্মাণের কাজ শুরু হয়। শুরু থেকেই নির্মাণস্থল অরক্ষিত ও অনিরাপদ ছিল। এ অবস্থায় ওই নালায় পড়ে মারা যান আবদুল বাসিত মোহাম্মদ। এটি স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা।
নগরের কয়েকজন বাসিন্দা জানান, নগরের কোথাও কোথাও এক বছরের বেশি সময় ধরে নালা-নর্দমা নির্মাণ ও প্রশস্তকরণের কাজ চলছে। অনেক এলাকায় কয়েক মাস আগে কাজ শুরু হয়েছে। তবে সবখানেই ধীরগতিতে চলছে কাজ। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে। নালা নির্মাণের জন্য গভীর গর্ত তৈরি করা হলেও সেখানে বেষ্টনী তৈরি করা হয়নি। এ কারণে রাতের অন্ধকারে ফুটপাতের পাশ ঘেঁষে হাঁটতে গিয়ে অনেকেই সেসব গর্তে পড়ে যাচ্ছেন। তাঁরা দ্রুত কাজ শেষ করার দাবি জানান।
শুক্রবার বিকেলে দেখা যায়, শাহী ঈদগাহ, নাইওরপুল, কুমারপাড়া, মজুমদারি, চৌকিদেখিসহ বিভিন্ন এলাকায় নালা খুঁড়ে রাখা হয়েছে। এসব নালা উন্মুক্ত অবস্থায় রয়েছে। জিন্দাবাজার এলাকায় নর্দমা প্রশস্তকরণের জন্য রাস্তার একাংশ খুঁড়ে রাখা হয়েছে। আম্বরখানা এলাকায় নালার আশপাশে লাল কাপড় বেঁধে বেষ্টনী তৈরি করা হয়েছে।
আম্বরখানা এলাকার কয়েকজন বলেন, এখানে নালায় পড়ে আবদুল বাসিত মোহাম্মদ মারা যাওয়ার পর নির্মাণাধীন অংশে লাল কাপড় বেঁধে গত বৃহস্পতিবার বিকেলে বেষ্টনী দেওয়া হয়। তবে এ বেষ্টনী নিরাপত্তার জন্য যথেষ্ট নয়।
নালায় পড়ে প্রবীণ নাগরিকের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। এ ঘটনার পরপর সব ঠিকাদারকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। কোনো অবস্থাতেই অরক্ষিত ও অনিরাপদভাবে কাজ করার বিষয়টি সিটি করপোরেশন বরদাশত করবে না।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, সিলেট নগরে ৯৭০ কিলোমিটার নালা-নর্দমা রয়েছে। এর মধ্যে ৬৭০ কিলোমিটার অংশ উন্মুক্ত। বর্তমানে ৮০ কিলোমিটার অংশের নির্মাণকাজ চলছে। এতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। ঠিকাদারদের পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়ে কাজ করার নির্দেশনা দিয়ে গত বৃহস্পতিবার চিঠি পাঠানো হয়েছে।
সিটি করপোরেশনের অর্ধেকের বেশি অংশের নালা-নর্দমা উন্মুক্ত থাকার বিষয়টি দুঃখজনক বলে মনে করছেন নগরের সচেতন বাসিন্দারা।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, মূল সমস্যা হচ্ছে, জবাবদিহি না থাকা। এভাবে অরক্ষিত ও অনিরাপদ রেখে নালা নির্মাণের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে যদি জবাবদিহি করতে হতো বা কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেত, তাহলে এতটা নির্বিকার থাকা সম্ভব হতো না।
এসব বিষয়ে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নালায় পড়ে প্রবীণ নাগরিকের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। এ ঘটনার পরপর সব ঠিকাদারকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। কোনো অবস্থাতেই অরক্ষিত ও অনিরাপদভাবে কাজ করার বিষয়টি সিটি করপোরেশন বরদাশত করবে না। যেসব ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে, তাঁদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’