খুন করে অটোরিকশা ছিনতাই

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক ব্যক্তিকে খুন করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম নাসির উদ্দীন (৬০)। তিনি স্থানীয় একটি মিলের মালিক।
নিহত ব্যক্তির ছেলে কামরুল ইসলাম বলেন, ‘গতকাল দিবাগত রাত তিনটার দিকে প্রতিবেশী শাহাদাত হোসেন আম কুড়াতে বাড়ির বাইরে বের হলে বাড়ির সঙ্গে লাগোয়া মিলের দরজা খোলা দেখতে পান। মিলের ভেতরে বাবাকে দেখতে না পেয়ে চিৎকার করেন তিনি। তাঁর চিৎকারে আমরা ঘুম থেকে উঠে গিয়ে বাবাকে খুঁজতে থাকি। মিলঘর থেকে প্রায় ৪০০ গজ দূরে নদীর পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান।’
এ ব্যাপারে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হরিহরপুর গ্রামের নাসির উদ্দীনের মিলঘরে রাতে পাঁচটি বড় ও দুটি ছোট ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেওয়া হয়েছিল। রাতে মিলেই অবস্থান করছিলেন নাসির উদ্দীন। মধ্যরাতে তাঁকে খুন করে দুটি অটোরিকাশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে নুর আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।