খুনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রলীগ নেতা মো. মামুন গাজী (৩৫) খুনের মামলায় আওয়ামী লীগ নেতা মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বগা পুলিশ কেন্দ্রের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
স্থানীয় বাসিন্দাদের সূত্র জানা গেছে, মজিবর জয়ঘোড়া গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই)। বর্তমানে তিনি কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
নিহত মামুন ছিলেন উপজেলার কনকদিয়া ইউনিয়নের জয়ঘোড়া গ্রামের বাসিন্দা ও কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাবার নাম বীর মুক্তিযোদ্ধা জি এম নজরুল ইসলাম ওরফে শাহজাহান গাজী (৭০)। তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও খুনের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার দেখতে চাই।’
বগা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম খান বলেন, ‘মামলাটি সিআইডি তদন্ত করছে। তাই গ্রেপ্তারের পর তাঁকে সিআইডি নিয়ে গেছে।’
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭ অক্টোবর বরগুনার তালতলীর জনসভায় যোগ দেওয়ার জন্য মামুনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে রওনা হন। পৌনে ১০টার দিকে বীরপাশা বাজারে পূর্ববিরোধের জেরে স্থানীয় মজিবর রহমান ও মো. মিরাজ হোসেনের নেতৃত্বে ১৬-১৭ জনের একটি দল তাঁদের পথরোধ করেন। পরে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওই ঘটনায় ৩০ অক্টোবর ১৭ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় মামলা করা হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।