খুবি শিক্ষক সমিতির সভাপতি শরীফ হাসান, সা. সম্পাদক তরুণ কান্তি বোস
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে অধ্যাপক মো. শরীফ হাসান সভাপতি ও অধ্যাপক তরুণ কান্তি বোস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একটি ভোট বাতিল হওয়ায় ৩৮০টি ভোট বৈধতা পায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. শরীফ হাসান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. সারওয়ার জাহান পেয়েছেন ১৫৮ ভোট। অধ্যাপক তরুণ কান্তি বোস ২২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক আশীষ কুমার দাস পেয়েছেন ১৫১ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি অধ্যাপক এস এম ফিরোজ, যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. মতিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হাসান হাওলাদার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর আহমেদ, প্রকাশনা সম্পাদক অধ্যাপক মো. লিফাত রাহী, নির্বাহী সদস্য অধ্যাপক লস্কর এরশাদ আলী, মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, মাহফুজা খাতুন, অধ্যাপক অনুপম কুমার বৈরাগী, মো. তরিকুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আবদুল জব্বার। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক মো. আনিসুর রহমান, অধ্যাপক মো. সফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. মোর্ত্তূজা আহমেদ ও সহকারী অধ্যাপক পুণম চক্রবর্তী।