খুবির দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থানীয় কয়েক যুবক মারধর করায় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা দুইটা থেকে নগরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে শেরেবাংলা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। প্রায় আড়াই ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষর্থী মো. সবুজ হোসেন ও ভাস্কর্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলহাজ মোল্লা মোটরসাইকেলে করে গল্লামারী থেকে নগরের ময়লাপোতা মোড়ের দিকে যাচ্ছিলেন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ঘষা লাগে।
এ সময় ব্যক্তিগত গাড়ির চালক ও যাত্রী নেমে কয়েক যুবককে ডেকে বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন। একজনকে জোর করে ব্যক্তিগত গাড়িতে করে ময়লাপোতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থল থেকে কোনো রকম দৌড়ে পালিয়ে ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ফেরেন।
এ খবর ছড়িয়ে পড়লে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরের গল্লামারী মোড় ও লায়ন্স স্কুলের সামনের সড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে খুলনায় সকাল থেকে বৃষ্টির মধ্যে সড়ক অবরোধে বিপাকে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
পরে খুলনা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান, স্থানীয় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করেন। বিকেল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন প্রথম আলোকে বলেন, মারধরের ওই ঘটনায় বিকেল সাড়ে চারটা থেকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলর সবাইকে নিয়ে বৈঠক চলছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারে। ব্যক্তিগত গাড়ির চালক ও যাত্রীদের খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।