খুলনা জেলায় করোনা শনাক্ত ১০ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত হওয়া করোনা সংক্রমিত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬২৯ জন। মারা গেছেন ৬২৩ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগে ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৪৫ জন (নগরে ৩৯ জন)। এ ছাড়া বাগেরহাট ও যশোরে ২ জন করে, ঝিনাইদহে রয়েছেন ৮ জন, সাতক্ষীরায় ২৭ জন, কুষ্টিয়ায় ২২, চুয়াডাঙ্গায় ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময় মাগুরা, মেহেরপুর ও নড়াইলে কেউ শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত কেউ মারা যাননি। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ৪২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ১৮ থেকে ২৭ মে—এই ১০ দিনে খুলনা বিভাগে ১ হাজার ৩০৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ২৬ জন। এর আগের ১০ দিনে (৮ মে-১৭ মে) বিভাগে ৫৮২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই ১০ দিনে বিভাগে করোনায় মারা যান ১২ জন। শেষ ১০ দিনে আগের ১০ দিনের চেয়ে দ্বিগুণের বেশি শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮।

বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৭৩১ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ২৩৩ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৫৯ জন, তাঁদের ৭ জন আছেন আইসিইউতে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।