খুলনা নগরে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর লকডাউনের পঞ্চম দিনে আজ সোমবার সড়কে মানুষের আনাগোনা ছিল অনেকটা সাধারণ দিনের মতো। খুলনার ফেরিঘাট মোড়ে
ছবি: সাদ্দাম হোসেন

সারা দেশে চলামান কঠোর লকডাউনের আজ সোমবার পঞ্চম দিনে খুলনা নগরে অনেকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় বেড়েছে মানুষের চলাচল ও যানবাহন। প্রধান সড়কের পাশে দোকানগুলো বন্ধ থাকলেও অলিগলির দোকানগুলো খোলা। আজ সোমবার সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়।

সকাল সাড়ে ১০টার দিকে নগরের নিরালা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে মানুষের ভিড় দেখা যায়। রিকশা চলছে কোনো বাধা ছাড়াই। বেশ কিছু অটোরিকশাও চলাচল করতে দেখা গেল। নিরালা মোড়ের প্রায় প্রতিটি দোকান খোলা। মোড়ের পাশেই পুলিশ ফাঁড়ি, কিন্তু সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। প্রধান সড়ক ধরে ময়লাপোতা মোড়ের দিকে রিকশা বেশি ছিল।

১ জুলাই বিধিনিষেধের প্রথম দিন থেকেই ময়লাপোতার মোড়ে ছিল পুলিশের কঠোর পাহারা। প্রায় প্রতিটি মোটরসাইকেল ও রিকশা দাঁড় করিয়ে যাত্রীদের পুলিশ জেরা করেছিল। উপযুক্ত কারণ দেখাতে না পারলে করা হচ্ছিল জরিমানা। কিন্তু আজ সেখানে কোনো পুলিশের তৎপরতা দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়নি নগরের গুরুত্বপূর্ণ শিববাড়ী মোড়েও। অন্য দিন সেখানে কয়েকজন ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালের কাছে কয়েকজন পুলিশ সদস্য থাকলেও তাঁরা গাছের ছায়ায় বসেছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় সড়কে বেড়েছে মানুষের চলাচল ও যানবাহন। আজ সোমবার খুলনার ফেরিঘাট মোড়ে।
ছবি: সাদ্দাম হোসেন

সিরাজুল ইসলাম নামে এক রিকশাচালক বলেন, ‘পেট তো আর লকডাউন বুঝে না। কয়দিন বের হয়নি, কত দিন আর বসে থাকা যায়। ঘরে কোনো খাবার নাই, তাই রিকশা নিয়া বের হইছি।’

খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার প্রথম আলোকে বলেন, বিধিনিষেধ ঢিলেঢালাভাবে দেখার কোনো সুযোগ নেই। সরকারের নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। তারপরও মানুষের আনাগোনা বেড়ে যাওয়ার ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হবে।