খুলনা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি
খুলনা মহানগর ও জেলা বিএনপির ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন মহানগর কমিটির সাবেক নেতারা। আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুইট হলে এক সংবাদ সম্মেলন করে ওই দাবি করা হয়। আগের মহানগর কমিটির অধিকাংশ নেতা এবং ৩১টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মহানগরের আগের কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘৪৪ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। কখনো এত অসম্মান, অমর্যাদা আমাদের করা হয়নি। খুলনা বিএনপি বলতে যে মানুষগুলোকেই বোঝানো হয়, তাঁদের বাদ দিয়ে “প্যারাসুট” দিয়ে নামিয়ে দেওয়া কমিটি বিএনপির নেতা–কর্মীরা গ্রহণ করবেন না। সংবাদ সম্মেলন বানচাল করতে গত কয়েক দিন নতুন কমিটির নেতারা প্রতিটি নেতার বাড়িতে গিয়ে পা ধরে সংবাদ সম্মেলনে না যেতে অনুরোধ করেছেন। তাঁদের ওই অনুরোধ প্রত্যাখান করে সব ওয়ার্ড কমিটির নেতারা সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘এখন কোনো কঠোর কর্মসূচিতে যাব না। আমাদের নেত্রী মৃত্যুশয্যায়, এ কারণে এ সময় অন্য কোনো কর্মসূচি পালন করা হবে না। তবে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দলীয় চেয়ারম্যানের কাছে নতুন গঠিত দুটি কমিটিই বাতিল করে পুনর্গঠন করার দাবি জানাচ্ছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করব না, যেটা ওরা করেছে দেড় বছর ধরে। আমরা অপেক্ষায় থাকব, আশা করব দ্রুত সময়ের মধ্যে যেন নতুন কমিটি গঠন করা হয়।’
গত বৃহস্পতিবার কেন্দ্র থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে বাদ দেওয়া হয়েছে। মহানগর বিএনপির নতুন আহ্বায়ক হয়েছেন আগের জেলা কমিটির সভাপতি শফিকুল আলম। আর জেলার আহ্বায়ক করা হয়েছে আগের সাধারণ সম্পাদক আমির এজাজ খানকে।
ঘোষিত কমিটিতে তিনজন করে সদস্য রাখা হয়েছে। খুলনা মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলামকে। সদস্যসচিব হয়েছেন নগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম। অন্যদিকে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবু হোসেনকে এবং সদস্যসচিব হয়েছেন প্রথম সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান। তাঁদের মধ্যে তরিকুল ইসলাম ছাড়া অন্যরা দীর্ঘদিন ধরেই বিএনপির কর্মসূচিতে সক্রিয় রয়েছেন।’
নজরুল ইসলাম বলেন, নতুন ওই কমিটি ঘোষণার মাধ্যমে মূলত জেলা কমিটিকে দুই ভাগ করা হয়েছে। এর এক ভাগ নেতৃত্ব দেবে মহানগরের, আরেক ভাগ জেলার। ওই কমিটি গঠনপ্রক্রিয়ায় একটি পক্ষ সত্য গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছেন। গত চার বছর আগেই ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু করেছিল ওই পক্ষ। এখন তারই বহিঃপ্রকাশ ঘটছে মহানগর ও জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে।