খুলনা বিভাগে এক মাসে করোনা রোগী বেড়েছে ৫১৮ শতাংশ
এক মাসের ব্যবধানে খুলনা বিভাগে চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে ৬ হাজার ৪১১ জন। চিকিৎসাধীন রোগী বাড়ার হার ৫১৮ শতাংশ। আবার হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও কিছুটা বেড়েছে।
চিকিৎসকেরা বলছেন, করোনার চলমান ঢেউয়ে দৈনিক শনাক্ত বেশি হচ্ছে। সুস্থ হওয়া রোগীর চেয়ে শনাক্ত ১৫ থেকে ২০ গুণ বেশি হওয়ায় সক্রিয় রোগী বাড়ছে। তবে এবারের ঢেউয়ে উপসর্গের তীব্রতা কিছুটা কম থাকায় হাসপাতালে এখনো শয্যা ফাঁকাই আছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ৩৫৯ জনের মধ্যে খুলনা জেলায় ৯৯ জন, যশোরে ১১৭, ঝিনাইদহে ৪০, কুষ্টিয়ায় ৫২, নড়াইলে ১৮, মেহেরপুরে ৬, চুয়াডাঙ্গায় ২৫ ও মাগুরায় ২ জন রয়েছেন। এ সময় বাগেরহাট ও সাতক্ষীরায় কোনো নমুনা পরীক্ষা না হওয়ায় শনাক্তও নেই।
বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় সংক্রমণের হার ৫৪ দশমিক ৩৫ শতাংশ, ঝিনাইদহে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, নড়াইলে ৪৫ শতাংশ, কুষ্টিয়ায় ৪০ দশমিক ৬৩ শতাংশ, যশোরে ৩৪ দশমিক ১১ এবং খুলনায় ৩১ দশমিক ৫৩ শতাংশ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ প্রথম আলোকে বলেন, ‘গত এক মাসে সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য ও অসচেতনতার কারণে সংক্রমণ বেশি ছড়াচ্ছে। তবে অধিকাংশেরই উপসর্গ মৃদু। এ কারণে হাসপাতালের ওপর চাপটা এখনো কম রয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহামারি শুরুর পর খুলনা বিভাগে ২০২০ সালের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের প্রথম দুই মাসে সংক্রমণের গতি ধীর ছিল। ওই বছরের জুনে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। এরপর গত বছরের এপ্রিলের শুরু থেকে করোনাভাইরাসে সংক্রমণ বাড়ে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংক্রমণ হার শুধু ঊর্ধ্বমুখীই ছিল। এর পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত সংক্রমণের হার খুবই কম ছিল। চলতি বছরের শুরু থেকে সংক্রমণের হার আবার বাড়ছে।
করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট শনাক্ত রোগীর চেয়ে সুস্থ হওয়া ও মারা যাওয়া ব্যক্তিদের বাদ দিলে বিভাগে ২৯ জানুয়ারি চিকিৎসাধীন রোগী আছে ৭ হাজার ৬৪৯ জন। এক মাস আগে, ডিসেম্বর মাসের ২৮ তারিখে চিকিৎসাধীন রোগী ছিলেন ১ হাজার ২৩৮ জন। চিকিৎসাধীন রোগী বাড়ার হার প্রায় ৫১৮ শতাংশ।
বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৯১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৩৬ জন। মারা গেছেন ৩ হাজার ২০৬ জন।
এদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৯৯। আগের দিন এ হার ছিল ৪১ দশমিক ১৪। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা অর্ধেকের কম হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে যশোর ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।
গতকাল শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা অর্ধেকের বেশি কমেছে। শনাক্তের সংখ্যা ও হার কমেছে।