খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা) ১ হাজার ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। ৪ হাজার ৫০৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৩১ শতাংশ।
একই সময়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৫৪ জন। আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগে আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছিল; করোনা শনাক্ত হয়েছিল নতুন ১ হাজার ৩৫৫ জনের। গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১ হাজার ৩২০ জনের, জিন এক্সপার্ট মেশিনে ১০২ জনের এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ শতাংশের মতো কমেছে। বিভাগের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার নড়াইলে ৪২ দশমিক ৭১। আর সর্বনিম্ন শনাক্তের হার যশোরে ২১ দশমিক শূন্য ৩ শতাংশ।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ৫৮২ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন ২৩ হাজার ৪৪৯ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩০ জন। অন্যরা বাসায় আইসোলেশনে রয়েছেন।
নতুন ৪৬ জন নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৭। মারা যাওয়া নতুন ৪৬ জনের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, খুলনা ও যশোরে ১১ জন করে, বাগেরহাটে ও মেহেরপুরে ৩ জন করে, মাগুরা ও নড়াইলে ২ জন করে এবং ঝিনাইদহে ১ জন করে রয়েছেন।
বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া যশোরে ৩২২ জন, ঝিনাইদহে ১৮৩, চুয়াডাঙ্গায় ১৫০, মেহেরপুরে ১২৭, বাগেরহাটে ১১৮, নড়াইলে ৮৭, সাতক্ষীরায় ৮৩ ও মাগুরায় ৬০ জন মারা গেছেন।
নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনার ২৫৩ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ২২৩, যশোরে ১৬৮ জন, বাগেরহাটে ৯৩, চুয়াডাঙ্গায় ১১০, ঝিনাইদহে ৮৯, মাগুরায় ৩৭ জন, মেহেরপুরে ৬০, নড়াইলে ৪১ এবং সাতক্ষীরায় ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।