খুলনা বিভাগে আরও ৭৫৭ জনের করোনা শনাক্ত, মৃত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ শতাংশের বেশি। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮২ জন। এর মধ্য দিয়ে সুস্থ হওয়ার মানুষের সংখ্যা ৮০ হাজার ছাড়াল। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গতকাল সোমবার বিভাগে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৯১১ জনের। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে। এ সময় মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার বেড়েছে। তবে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

এদিকে বিভাগের দ্বিতীয় জেলা হিসেবে যশোরে শনাক্ত ২০ হাজার এবং তৃতীয় হিসেবে কুষ্টিয়ায় শনাক্ত ১৬ হাজার ছাড়িয়েছে। আর বিভাগের অষ্টম জেলা হিসেবে নড়াইলে মৃত মানুষের সংখ্যা ১০০ ছুঁয়েছে।

গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন—এই তিন প্রক্রিয়ায় মোট ৩ হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৫৬। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৩৮৭টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৪০ শতাংশ।

নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ১৬৬ জন। এ ছাড়া খুলনায় ১৪৬, বাগেরহাটে ৩৩, যশোরে ১৩৯, ঝিনাইদহে ৩৭, সাতক্ষীরায় ৪৭, চুয়াডাঙ্গায় ২৩, মেহেরপুরে ৩৮ জন, মাগুরায় ৮০ ও নড়াইলে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৭০৬। মৃত্যুর হার ২ দশমিক ৬৭। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২৫ জনের মধ্যে কুষ্টিয়ায় ৮ জন, ঝিনাইদহ ও খুলনায় ৫ জন করে, যশোর, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং মেহেরপুরে ১ জন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৪৮ জনের। এ ছাড়া যশোরে ৪০৩, ঝিনাইদহে ২৩৩, চুয়াডাঙ্গায় ১৮০, মেহেরপুরে ১৬০, বাগেরহাটে ১৩৩, নড়াইলে ১০০, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।