খুলনা বিভাগে এক দিনে রেকর্ড করোনা শনাক্ত, জুনে আক্রান্ত বেড়েছে ৪ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে এক দিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এর আগে গতকাল মঙ্গলবার এক দিনে ৮০০ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকাল পর্যন্ত ওটাই ছিল বিভাগে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ১৬ দিনে (১-১৬ জুন) বিভাগে ৭ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ১০৪ জন। এর আগে ১৬ থেকে ৩১ মে পর্যন্ত ১৬ দিনে ১ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই ১৬ দিনে মারা গেছেন ৫০ জন। চলতি মাসে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ গুণের বেশি বেড়েছে। মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি।

গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় আরটি-পিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৭৭টি, র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ৭০৩টি এবং জিন এক্সপার্ট পদ্ধতিতে ৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এই তিন পদ্ধতিতে মোট ২ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৮১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৩৮ শতাংশ। এ সময়ে আগের দিনের চেয়ে ৬৬টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৪০ দশমিক ৮২ শতাংশ।

কিছুদিন ধরে বিভাগে নমুনা পরীক্ষা বাড়ছে। একই সঙ্গে শনাক্তের হারও বাড়ছে। তারপরও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুবই কম। সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না।
ফেরদৌসী আক্তার, সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ), খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ১৫৫ জন। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ১০ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৪১ হাজার ৮৪৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৭৪৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে বিভাগে নমুনা পরীক্ষা বাড়ছে। একই সঙ্গে শনাক্তের হারও বাড়ছে। তারপরও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুবই কম। সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না।

শেষ ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে নড়াইল বাদে অন্য সব জেলায় শনাক্তের হার ৩২ শতাংশের ওপরে। মাগুরায় শনাক্তের হার ১০০ শতাংশ (২টিতে ২টি পজিটিভ), সাতক্ষীরায় ৫৩ দশমিক ১৯ শতাংশ, যশোরে ৪৯ দশমিক শূন্য ৩ শতাংশ, কুষ্টিয়ায় ৪৮ শতাংশ ও চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৪৪ দশমিক ৪৪ শতাংশ।

জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১২ হাজার ৪২ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন ২২২ জন রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে খুলনায় রয়েছেন ২২২ জন। খুলনা জেলায় এটি এক দিনে শনাক্তের নতুন রেকর্ড। এর মধ্যে খুলনা নগরে শনাক্ত হয়েছেন ১৫০ জন। এ ছাড়া বাগেরহাটে ৭৬, চুয়াডাঙ্গায় ১৬, যশোরে ২০৪, ঝিনাইদহে ৪৩, কুষ্টিয়ায় ৯৮, মাগুরায় ২, মেহেরপুরে ৪১, নড়াইলে ১৬ ও সাতক্ষীরায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বাগেরহাটে ৪, যশোরে ৩, কুষ্টিয়া, খুলনা ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন। বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ১৯৭, কুষ্টিয়ায় ১৩৬, যশোরে ৯৬, চুয়াডাঙ্গায় ৬৪, বাগেরহাটে ৬২, ঝিনাইদহে ৬০, সাতক্ষীরায় ৫৫, নড়াইলে ২৮, মেহেরপুরে ২৮ ও মাগুরায় ২৩ জন রয়েছেন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৭৯ শতাংশ।

জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১২ হাজার ৪২ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৩৩৮, চুয়াডাঙ্গায় ২ হাজার ৩৪৫, যশোরে ৮ হাজার ৭৫০, ঝিনাইদহে ৩ হাজার ১৯৭, কুষ্টিয়ায় ৫ হাজার ৮৩৩, মাগুরায় ১ হাজার ৩৪৪, মেহেরপুরে ১ হাজার ২৪৮, নড়াইলে ২ হাজার ১২৬ ও সাতক্ষীরায় ২ হাজার ৬২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে খুলনার ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল আজ থেকে ১৩০ শয্যা করা হয়েছে। হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৩৯ জন। এর মধ্যে ১২৮ জন করোনা নিয়ে ও বাকি ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২০ জন এবং হাই ডিপেনডেন্সি ইউনিটে (​এইচডিইউ) ২৮ রোগী চিকিৎসাধীন। গতকাল সকাল ৮টা থেকে থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। এ সময়ে হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন করোনা পজিটিভ রোগী এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।