খুলনা বিভাগে এক দিনের ব্যবধানে করোনা শনাক্ত দ্বিগুণ, বেড়েছে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭ জন।

আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় গতকাল শনিবার ৪৬ জনের মৃত্যু হয় এবং এ সময়ে ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে শনাক্ত দ্বিগুণের বেশি এবং মৃত্যু প্রায় দেড়গুণ বেড়েছে। তবে গতকালের তুলনায় নমুনা পরীক্ষা দ্বিগুণের বেশি হয়েছে। কিন্তু শনাক্তের হার সামান্য কমেছে। বিভাগের ষষ্ঠ জেলা হিসাবে বাগেরহাটে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরের মাধ্যমে ১ হাজার ৪২টি, জিন এক্সপার্টে ১৭০টি ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩ হাজার ৫৫৯টিসহ মোট ৪ হাজার ৭৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিনের চেয়ে ২ হাজার ৫০৭টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৫ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ১ শতাংশ। বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার নড়াইলে ৪৭ দশমিক ৬৬ শতাংশ। আর শনাক্তের সর্বনিম্ন হার যশোরে ২৬ দশমিক ৭৩ শতাংশ।

বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা ৭১ হাজার ৫৫০। করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৫৯৩। মৃত্যুর হার ২ দশমিক ২৩ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ২৯৯ জন।

বিভাগে মোট শনাক্ত রোগী থেকে সুস্থ ও মৃতের সংখ্যা বাদ দিলে সক্রিয় রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৫৮। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া সর্বশেষ ৬০ জনের মধ্যে খুলনায় ১৪, কুষ্টিয়ায় ১৩, নড়াইলে ৭, যশোর ও চুয়াডাঙ্গায় ৬ জন করে, মেহেরপুরে ৫, মাগুরায় ৪, ঝিনাইদহে ৩ ও বাগেরহাটে ২ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৫৯৩ জনের মধ্যে সর্বোচ্চ ৪১৬ জনের মৃত্যু হয়েছে খুলনায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৩৪১ জনের। এ ছাড়া যশোরে ২১৮, ঝিনাইদহে ১৩৫, চুয়াডাঙ্গায় ১২১, বাগেরহাটে ১০০, মেহেরপুরে ৮০, সাতক্ষীরায় ৭৬, নড়াইলে ৬৭ ও মাগুরায় ৩৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৪৩১ জন। এ ছাড়া যশোরে ১৩৯, বাগেরহাটে ১৪৪, সাতক্ষীরায় ১৫৭, নড়াইলে ৫১, মাগুরায় ৮১, ঝিনাইদহে ১৪৭, কুষ্টিয়ায় ২৪৫, চুয়াডাঙ্গায় ১৪৩ ও মেহেরপুরে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।