খুলনা বিভাগে একই দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড
মঙ্গলবারের প্রতিবেদন অনুযায়ী, বিভাগে করোনার সংক্রমণ শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৭১। বিভাগের মধ্যে মাগুরা বাদে অন্য সব জেলায় শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে।
খুলনা বিভাগে এক দিনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী সংক্রমণ শনাক্ত হয়েছে ৮০০ জনের। মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ২১৭ জন।
গত বছরের ১৯ মার্চ বিভাগে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক দিনে এত রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে গতকাল সোমবার এক দিনে সর্বোচ্চ ৬১৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেল। ১০ জেলায় মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৪১ হাজার ২৮ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৩৯১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় পিসিআর ল্যাবে ১ হাজার ৩১৮টি, র্যাপিড অ্যান্টিজেন ৫৭৯টি ও জিন এক্সপার্ট মেশিনে ৬৩টিসহ মোট ১ হাজার ৯৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮০০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ। এই সময়ে আগের দিনের চেয়ে ৩৭৪টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৭১ শতাংশ।
বিভাগের মধ্যে মাগুরা বাদে অন্য সব জেলায় শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে। মেহেরপুরে শনাক্তের হার ৯৫ দশমিক ৮৩, ঝিনাইদহে ৫৬ দশমিক ৬৭, যশোরে ৫২ দশমিক ২০, সাতক্ষীরায় ৪৮ দশমিক ৯২।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর মধ্যে খুলনায় ১৬৬ জন (নগরে ১২১), বাগেরহাটে ৫৩, চুয়াডাঙ্গায় ৫০, যশোরে ২৪৯, ঝিনাইদহে ৩৪, কুষ্টিয়ায় ৯১, মাগুরায় ১০, মেহেরপুরে ২৩, নড়াইলে ৩৩ ও সাতক্ষীরায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও সাতক্ষীরায় তিনজন করে, যশোর, খুলনা, ঝিনাইদহে দুজন করে এবং বাগেরহাটে একজন করে মারা গেছেন। মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৯৬, কুষ্টিয়ায় ১৩৫, যশোরে ৯৩, চুয়াডাঙ্গায় ৬৪, ঝিনাইদহে ৬০, বাগেরহাটে ৫৮, সাতক্ষীরায় ৫৫, নড়াইলে ২৮, মেহেরপুরে ২৭ ও মাগুরায় ২৩ জন। সামগ্রিকভাবে বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক করোনাসংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে (১-১৫ জুন) ৬ হাজার ৭৩৭ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ে মারা যান ৯৪ জন। ১৭ থেকে ৩১ মে পর্যন্ত ১৫ দিনে ১ হাজার ৭৩৮ জন শনাক্ত হয়েছিল। ওই সময় ১৫ দিনে মারা যান ৫০ জন।
জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১১ হাজার ৮২০ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ২৬২, চুয়াডাঙ্গায় ২ হাজার ৩২৯, যশোরে ৮ হাজার ৫৪৬, ঝিনাইদহে ৩ হাজার ১৫৪, কুষ্টিয়ায় ৫ হাজার ৭৩৫, মাগুরায় ১ হাজার ৩৪২, মেহেরপুরে ১ হাজার ২০৭, নড়াইলে ২ হাজার ১১০ ও সাতক্ষীরায় ২ হাজার ৫২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে খুলনার ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৫১ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ছিলেন ১২৪। বাকি ২৭ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। হাসপাতালের আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ রোগী চিকিৎসাধীন।
গত সোমবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৫৩ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। এ সময়ে হাসপাতালে চিকিৎসাধীন দুজন করোনা রোগী এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার প্রথম আলোকে বলেন, বিভাগে নমুনা পরীক্ষা বাড়ছে। একই সঙ্গে প্রায় প্রতিদিন শনাক্তের সংখ্যা ও শনাক্তের হারও বাড়ছে। ৮ থেকে ১০ দিন আগেও শনাক্ত ৪০০-এর আশপাশে থাকত। এখন তা দ্বিগুণ হয়ে যাচ্ছে। কিন্তু এরপরও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুবই কম। সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না।