খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায়  নতুন করে ১৭০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনা বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা হয়েছে ৫ হাজার ৫১২। বিভাগের মোট রোগীর ৪৬ শতাংশ খুলনার। এর মধ্যে আবার শুধু খুলনা নগরের ১ হাজার ৯৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জনে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ আজ সোমবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম কোভিড-১৯-এ আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ। পরবর্তী ৭৩ দিনে শনাক্তের সংখ্যা ৫০০ ছাড়ায়। আজ ৬ জুলাই ১১০তম দিনে এসে রোগীর সংখ্যা সাড়ে ৫০০০ ছাড়াল।

নতুন শনাক্ত ১৭০ জনের মধ্যে খুলনা জেলায় ৯৩ জন, বাগেরহাটে ২ জন, যশোরে ২ জন, নড়াইলে ১ জন, ঝিনাইদহে ১৮ জন, কুষ্টিয়ায় ৩৭ জন এবং চুয়াডাঙ্গায় ১৭ জন রয়েছেন। এই সময়ে সাতক্ষীরা, মাগুরা ও মেহেরপুরে একজনও সংক্রমিত হননি।

বিভাগে মারা যাওয়া লোকজনের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৪ জন মারা গেছেন। এ ছাড়া যশোরে ১৩, কুষ্টিয়ায় ১৪, নড়াইলে ৭, মেহেরপুর ও ঝিনাইদহে ৫ জন করে, সাতক্ষীরা, মাগুরা ও বাগেরহাটে ৪ জন করে এবং চুয়াডাঙ্গায় ৩ জন মারা গেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে নতুন করে ৯০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ১ হাজার ৭৪২ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৩২ শতাংশ। সুস্থ হওয়া লোকজনের মধ্যে খুলনায় ৪৯৯, বাগেরহাটে ১০২, সাতক্ষীরায় ৬৮, যশোরে ২৬৮, ঝিনাইদহে ১১৪, মাগুরায় ৫৩, নড়াইলে ৮৭, কুষ্টিয়ায় ৩৬৯, চুয়াডাঙ্গায় ১৪৮ ও মেহেরপুরের ৩৪ জন রয়েছেন।