খুলনা বিভাগে করোনা পরীক্ষার সঙ্গে কমেছে শনাক্ত, বেড়েছে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৫৬ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টার হিসাবে ৩ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ১৯ শতাংশ। ওই দিন করোনায় বিভাগে মারা গিয়েছিলেন ২৭ জন। এই তুলনায় নমুনা পরীক্ষা আগের দিনের প্রায় অর্ধেকে নেমেছে, শনাক্তও হয়েছে অর্ধেকের কম। শনাক্তের হার কিছুটা কমেছে, তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা।

এ পর্যন্ত বিভাগে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৬০। আর করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৩২ জনের মধ্যে খুলনা জেলায় ১১ জন, যশোরে ৮ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৩ জন, নড়াইলে ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং মেহেরপুরে ১ জন রয়েছেন। মৃত্যুর হার ১ দশমিক ৯৭ শতাংশ। ঝিনাইদহে মৃতের সংখ্যা ১০০ ছুঁয়েছে।

প্রতিবেদনে জেলাভিত্তিক তথ্যে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোরে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ২৫০ জন। এ ছাড়া খুলনায় শনাক্ত হয়েছেন ৭৪ জন, বাগেরহাটে ১৫ জন, সাতক্ষীরায় ২৯, নড়াইলে ৩ জন, মাগুরায় ৭ জন, ঝিনাইদহে ১৭ জন, কুষ্টিয়ায় ৯৫ জন, চুয়াডাঙ্গায় ১৪ জন এবং মেহেরপুরে ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৮ জন। এ নিয়ে বিভাগে মোট সুস্থ হলেন ৩৯ হাজার ৬৫২ জন। সুস্থতার হার ৬৬ দশমিক ৯১ শতাংশ। বর্তমানে বিভাগের ১০ জেলার হাসপাতাল ও বাসা মিলে চিকিৎসা নিচ্ছেন ১৮ হাজার ৪৪০ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৩০ রোগী। হাসপাতালের বাইরে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১৭ হাজার ৪১০ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় আরটি–পিসিআরের মাধ্যমে ১ হাজার ৩০১টি, জিন এক্সপার্টে ২টি, র‌্যাপিড অ্যান্টিজেনে ৩০৩টিসহ মোট ১ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার বলেন, বিভাগে ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত কম হওয়ার কারণ হচ্ছে নমুনা পরীক্ষা কম হয়েছে। খুলনা মেডিকেল কলেজের আরটি–পিসিআর ল্যাবে সাময়িক পরীক্ষা বন্ধ থাকায় আর গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় কিছুটা কম নমুনা পরীক্ষা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা হাজারের ওপরে চলে গেছে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে এমন পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।