খুলনা বিভাগে করোনা রোগী ৯০ হাজার ছাড়াল, শেষ ৪৫ হাজার শনাক্ত ৩৮ দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হচ্ছে
প্রথম আলো

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করে ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে দিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৫৪৯। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, গত বছরের ১৯ মার্চ। এরপর চলতি বছর ২০ জুন শনাক্ত রোগী ৪৫ হাজার এবং আজ ২৮ জুলাই রোগী ৯০ হাজার ছাড়াল। এ থেকে দেখা যায়, প্রথম শনাক্তের পর ৪৫৯ দিনে প্রথম ৪৫ হাজার শনাক্ত হয়েছে, আর শেষ ৪৫ হাজার শনাক্ত হয়েছে মাত্র ৩৮ দিনে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৮ জন। করোনায় মারা যাওয়া সর্বশেষ ৩১ জনের মধ্যে খুলনায় রয়েছেন ৯ জন, যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৪ জন, মাগুরায় ৩ জন, চুয়াডাঙ্গা ২ জন এবং বাগেরহাট ও মেহেরপুরে ১ করে রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪। মৃত্যুর হার ২ দশমিক ৫৩ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগে এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছিল, করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৩৫ জনের, শনাক্তের হার ছিল ২৮ শতাংশ। আর সুস্থ হয়েছিলেন ১ হাজার ৩৮১ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৫৪৯।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৮৪ শতাংশ।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় ২২৭ জন রয়েছেন। এ ছাড়া খুলনায় শনাক্ত হয়েছেন ১৭৬ জন, যশোরে ৬৫ জন, বাগেরহাটে ৫৭ জন, চুয়াডাঙ্গায় ৫৪ জন, ঝিনাইদহে ৭৬ জন, মাগুরায় ৬০ জন, মেহেরপুরে ৪৮ জন, নড়াইলে ৩৮ জন এবং সাতক্ষীরায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২৩ হাজার ২৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে শনাক্ত হয়েছে ১৮ হাজার ২১০ জন, কুষ্টিয়ায় ১৩ হাজার ৯০১ জন, ঝিনাইদহে ৭ হাজার ৩৪৩ জন, চুয়াডাঙ্গায় ৫ হাজার ৯০৯ জন, বাগেরহাটে ৫ হাজার ৮৪৯ জন, সাতক্ষীরায় ৫ হাজার ৫১৩ জন, নড়াইলে ৪ হাজার ১৭ জন, মেহেরপুরে ৩ হাজার ৬০০ জন এবং মাগুরায় ২ হাজার ৯২২ জন শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগে গত বছরের ৩ জুলাই রোগীর সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই শনাক্তের সংখ্যা ১০ হাজার, ১২ আগস্ট রোগী ১৫ হাজার ছাড়ায়। এরপর চলতি বছরের ১ জানুয়ারি রোগী ২৫ হাজার, ৩ জুন ৩৫ হাজার, ২০ জুন ৪৫ হাজার এবং ২৫ জুন ৫০ হাজার, ১৪ জুলাই ৭৫ হাজার, ২২ জুলাই ৮৫ হাজার ছাড়ায়। ২৮ জুলাই রোগী ৯০ হাজার ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ৮৬১ জন, জিন এক্সপার্টে ৬২ জন এবং র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২ হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৮৯৭টি নমুনা কম পরীক্ষা হয়েছে। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৪৬১ জন। সুস্থতার হার ৭২ শতাংশের কিছু বেশি। বর্তমানে করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন ২২ হাজার ৭৯৪ জন। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২৯৪ জন। অন্যরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৫৯৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৫৩১ জনের। এ ছাড়া যশোরে করোনায় মারা গেছেন ৩৩০ জন, ঝিনাইদহে ১৮৯, চুয়াডাঙ্গায় ১৫৬, মেহেরপুরে ১৩২, বাগেরহাটে ১২১, নড়াইলে ৮৯, সাতক্ষীরায় ৮৪ এবং মাগুরায় ৬৫ জন মারা গেছেন।