খুলনা বিভাগে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪ জন মারা গেছেন। এ সময় ১ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৪। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৯ জন। মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

শেষ ২৪ ঘণ্টায় আগের সময়ের চেয়ে ৭১টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৮। করোনায় মৃত্যু হয়েছিল ৭ জনের। করোনা শনাক্ত হয়েছিল ১৩০ জনের। শেষ ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। করোনার সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১০ হাজার ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে খুলনা। সেখানে ২৭ হাজার ৬৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায়। করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১২০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ১০ জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৬৫ জন। সুস্থতার হার ৯৩ দশমিক ১৩। বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমছে। মঙ্গলবার বাড়ি ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী আছেন ৪ হাজার ৫৩১ জন। এর মধ্যে ২৮৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে।

বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৯০ জন। মৃত্যুহার ২ দশমিক ৭৮। মারা যাওয়া শেষ ৪ জনের মধ্যে কুষ্টিয়ার তিনজন, নড়াইলের একজন।
খুলনা জেলায় সর্বোচ্চ ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৭৫৪ জনের। এ ছাড়া যশোরে ৪৮৩, ঝিনাইদহে ২৬৪, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮০, বাগেরহাটে ১৪২, নড়াইলে ১১৮, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায়, ২৯ জন। এ ছাড়া খুলনায় ১৭, বাগেরহাটে ২, সাতক্ষীরায় ১৩, যশোরে ২৭, নড়াইলে ১০, মাগুরায় ৫, ঝিনাইদহে ৫, চুয়াডাঙ্গায় ৭ জন ও মেহেরপুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।