খুলনা বিভাগে করোনা শনাক্ত বেড়েছে, কমেছে মৃত্যু
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জন মারা গেছেন। একই সময় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯১৭ জন। গতকাল বুধবার ৩২ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত শনাক্ত হয় ৯০৩ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। তবে আক্রান্ত শনাক্ত বেড়েছে।
এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৯১৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪৮ হাজার ৭৯৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৫ হাজার ৬৭৬ জন। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সাতজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এরপর যশোরে মারা গেছেন পাঁচজন। এ ছাড়া ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় ও সাতক্ষীরায় দুজন করে এবং মেহেরপুরে একজন মারা গেছেন।
বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২২৮, কুষ্টিয়ায় ১৭৩, যশোরে ১১৯, চুয়াডাঙ্গায় ৮১, ঝিনাইদহে ৭৮, বাগেরহাটে ৭৩, সাতক্ষীরায় ৬৫, মেহেরপুরে ৩৮, নড়াইলে ৩৬ ও মাগুরায় ২৫ জন রয়েছেন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮৮ শতাংশ।
চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে (আজ বৃহস্পতিবার পর্যন্ত) ১৪ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ২৭১ জন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি জুন মাসের প্রথম ২৪ দিনে (আজ বৃহস্পতিবার পর্যন্ত) ১৪ হাজার ৫০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ২৭১ জন। এর আগের ২৪ দিনে (৮-৩১ মে) শনাক্ত হয়েছিল ২ হাজার ৫৫১ জন। ওই সময়ে মারা যায় ৬০ জন। অর্থাৎ এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর প্রায় ৩০ শতাংশ শনাক্ত হয়েছে চলতি মাসের ২৪ দিনে। আর মোট মৃত্যুরও প্রায় ৩০ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে এই সময়ে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় মোট ২ হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৮ দশমিক ১১ শতাংশ। আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট—এই তিন মাধ্যমে নমুনা পরীক্ষা হয়েছে। এর আগের দিন এটি ছিল ৩৯ দশমিক ৭৩ শতাংশ। আগের দিনের চেয়ে ১৩৩টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।
বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে বাগেরহাটে ৪২, চুয়াডাঙ্গায় ৪১, যশোরে ১৯১, ঝিনাইদহে ৭৩, খুলনায় ২৬০, কুষ্টিয়ায় ১৩৯, মাগুরায় ৫, মেহেরপুরে ৪৭, নড়াইলে ৫২ ও সাতক্ষীরায় ৬৭ জন আছেন।
শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। খুলনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮২৯ জন। এ ছাড়া বাগেরহাটে ২ হাজার ৭৯৪, চুয়াডাঙ্গায় ২ হাজার ৮৩৭, যশোরে ১০ হাজার ৩৫০, ঝিনাইদহে ৩ হাজার ৭১১, কুষ্টিয়ায় ৬ হাজার ৮০১, মাগুরায় ১ হাজার ৪২৬, মেহেরপুরে ১ হাজার ৪৯৫, নড়াইলে ২ হাজার ৪২৩ ও সাতক্ষীরায় ৩ হাজার ১২৯ জন আছেন।
বিভাগে শনাক্ত রোগী থেকে সুস্থ হওয়া ও মৃত রোগী বাদ দিলে এখন চিকিৎসাধীন (বাসায় ও হাসপাতালে) অর্থাৎ সক্রিয় রোগী আছেন ১২ হাজার ২০৩ জন। তাঁদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬৮২ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার প্রথম আলোকে বলেন, জুন মাসের শুরু থেকেই শনাক্ত বাড়তেই আছে। সপ্তাহখানেক ধরে শনাক্তের হার ৩৫ থেকে ৪৪ শতাংশের মাঝে ওঠানামা করছে। মৃত্যুর ঘটনাও বাড়ছে। বাসার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না।