খুলনা বিভাগে করোনা শনাক্ত ১ লাখ ছাড়াল
খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯১১ জনের করোনা শনাক্ত হওয়ার মধ্য দিয়ে শনাক্তের সংখ্যা লাখ ছাড়াল। এখন পর্যন্ত বিভাগে ৪ লাখ ২৬ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ৫৩ শতাংশ।
আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়, গত বছরের ১৯ মার্চ। আজ ৯ আগস্ট রোগীর সংখ্যা ১ লাখ ছাড়াল। এ থেকে দেখা যায়, প্রথম শনাক্তের পর ৪৬৪ দিনে প্রথম ৫০ হাজার শনাক্ত হয়েছে, আর শেষ ৫০ হাজার শনাক্ত হয়েছে মাত্র ৪৫ দিনে।
এদিকে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা) করোনায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৩ জন। আজ খুলনায় শনাক্ত মানুষের সংখ্যা ২৫ হাজার এবং যশোরে মৃত মানুষের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন—এই তিন প্রক্রিয়ায় মোট ৪ হাজার ৪৬৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৪০। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ৭২২টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২২ দশমিক ৩০।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬৮১। মৃত্যুর হার ২ দশমিক ৬৭। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২৪ জনের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৫ জন, খুলনায় ৩ জন, বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে, চুয়াডাঙ্গায় ও সাতক্ষীরায় একজন করে আছেন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৬৮০ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৬৪০ জনের। এ ছাড়া যশোরে ৪০১, ঝিনাইদহে ২২৮, চুয়াডাঙ্গায় ১৭৮, মেহেরপুরে ১৫৯, বাগেরহাটে ১৩৩, নড়াইলে ৯৮, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৭৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১৯৬ জন। এ ছাড়া বাগেরহাটে ১৫৩, যশোরে ১৪৩, কুষ্টিয়ায় ১৪১, ঝিনাইদহে ৮৮, সাতক্ষীরায় ৬৩, চুয়াডাঙ্গায় ৪৭, মেহেরপুরে ৩৭ জন, মাগুরায় ২৯ ও নড়াইলে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪০৫ জনের। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৫ হাজার ১০৬ জনের করোনা হয়েছে। যশোরে ১৯ হাজার ৮৭৬ জনের, কুষ্টিয়ায় ১৫ হাজার ৯৪৮ জনের, ঝিনাইদহে ৮ হাজার ২৪৩ জনের, বাগেরহাটে ৬ হাজার ৫৪৮ জনের, চুয়াডাঙ্গায় ৬ হাজার ৩৬১ জনের, সাতক্ষীরায় ৬ হাজার ১২৮ জনের, নড়াইলে ৪ হাজার ৪১০ জনের, মেহেরপুরে ৪ হাজার ২৫৯ জনের এবং মাগুরায় ৩ হাজার ৫২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।