খুলনা বিভাগে করোনা শনাক্ত ১ লাখ ১০ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এ সময়ে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩৮৬ জন। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গতকাল সোমবার বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১৬৭ জনের। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে।

সোমবার থেকে আজ সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ২৬ শতাংশ। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১২টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।

নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৩৮ জন কুষ্টিয়ার। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১১, ঝিনাইদহে ১৭, খুলনায় ৩৭, নড়াইলে ১২, সাতক্ষীরায় ১১, বাগেরহাটে ৩, মাগুরায় ৩, মেহেরপুরে ৪ ও যশোরে ২৭ জন আছেন।

বিভাগে করোনায় মোট মৃত্যুসংখ্যা ৩ হাজার ৫৩। মৃত্যুর হার ২ দশমিক ৭৭ শতাংশ। করোনায় মারা যাওয়া সর্বশেষ ছয়জনের মধ্যে কুষ্টিয়ায় তিনজন। যশোর, খুলনা ও বাগেরহাটে একজন করে রয়েছেন।

এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৬০ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম শনাক্ত মাগুরায় ৪ হাজার ৮৭ জনের। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১ হাজার ১২ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিন কমছে। মঙ্গলবার বাসা ও হাসপাতাল মিলিয়ে ১০ জেলায় করোনা রোগী ৫ হাজার ৯৯৫ জন। তাঁদের মধ্যে ৩৬৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায়।