খুলনা বিভাগে করোনা শনাক্ত ১২৪ জনের, সুস্থ ৬২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। আর সুস্থ হয়েছেন ৬২৮ জন। শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩১৩ জনের।

শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ৯৪৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১৪ শতাংশ। এই সময়ে জিন এক্সপার্ট মেশিনে কোনো নমুনা পরীক্ষা হয়নি। আগের ২৪ ঘণ্টার চেয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭৬।

বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ২৫৪ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে খুলনা। এই জেলায় ২৭ হাজার ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২১ হাজার ৪৮ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৫৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম ৪ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে মাগুরায়।

বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৯২০ জন করোনা রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিনই কমছে। শনিবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ৯ হাজার ৩৫৪ জন।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৮০। মৃত্যুর হার ২ দশমিক ৭৫। মারা যাওয়া সর্বশেষ ৯ জনের মধ্যে খুলনা ও ঝিনাইদহে ৩ জন করে, কুষ্টিয়ায় ২ জন ও যশোরে ১ জন রয়েছেন। খুলনা জেলায় সর্বোচ্চ ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ কুষ্টিয়ায় ৭২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোরে ৪৫৩, ঝিনাইদহে ২৫৮, চুয়াডাঙ্গায় ১৮৬, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৩৯, নড়াইলে ১১৩, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২৪ জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ ৪৫ জন চুয়াডাঙ্গার। এ ছাড়া খুলনায় ২৯, ঝিনাইদহ ১৬, যশোরে ১৩, বাগেরহাটে ২, মাগুরায় ১, সাতক্ষীরায় ৪, মেহেরপুরে ১৩ ও কুষ্টিয়ায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে নড়াইলে কোনো নমুনা পরীক্ষা হয়নি।