খুলনা বিভাগে করোনায় আরও ২২ জনের মৃত্যু, কমেছে শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জন মারা গেছেন। এ সময়ে ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৬ জন। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে গতকাল সোমবার বিভাগে করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছিল। ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেশি হয়েছে। শনাক্ত ও মৃত্যুর সংখ্যাও বেড়েছে। তবে শনাক্তের হার কমেছে।

গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ২৯। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৮৪৩টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ২১ দশমিক ২৫।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১২৭ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ৮৩, যশোরে ৫০, সাতক্ষীরায় ৪২, মাগুরায় ৪১, নড়াইলে ৩৬, ঝিনাইদহে ৩৪, বাগেরহাটে ২৯, চুয়াডাঙ্গায় ১৯ ও মেহেরপুরে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮৫১। মৃত্যুর হার ২ দশমিক ৭২। করোনায় মারা যাওয়া সর্বশেষ ২২ জনের মধ্যে খুলনায় ৭ জন, যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ও ঝিনাইদহে ৩ জন করে এবং মাগুরা, নড়াইল ও সাতক্ষীরায় ১ জন করে রয়েছেন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭২৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৮৫ জনের। এ ছাড়া যশোরে ৪২৮, ঝিনাইদহে ২৪৪, চুয়াডাঙ্গায় ১৮১, মেহেরপুরে ১৭৪, বাগেরহাটে ১৩৫, নড়াইলে ১০৮, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৩ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৮০৭ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭৫।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ১৩ হাজার ১২৩ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৭৯ জন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।