খুলনা বিভাগে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৭৯৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯১ জন। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৮ শতাংশের বেশি। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে গতকাল বৃহস্পতিবার করোনা আক্রান্ত ৪১ জনের মৃত্যু হয়েছিল। নতুন ১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। তবে শনাক্তের হার বেশ কিছুটা বেড়েছে।

গত ১০ দিনে (২১-৩০ জুলাই) বিভাগে ৮ হাজার ৩৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। এই ১০ দিনে মারা গেছেন ৩৭৯ জন। এই ১০ দিনে শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশ কিছুটা বেশি।

গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর ল্যাবে ৮৮০টি, জিন এক্সপার্ট যন্ত্রে ৭৩টি এবং র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট ২ হাজার ৭৮১ নমুনা পরীক্ষা করে ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ৫১ শতাংশ। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ হাজার ১৮০টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৭৩ শতাংশ। বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার কুষ্টিয়ায় ৪২ শতাংশ। আর শনাক্তের সর্বনিম্ন হার খুলনায় ২৩ দশমিক ৬৫ শতাংশ।
বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৭৭১ জন। সুস্থতার হার ৭৩ শতাংশের কিছু বেশি। বর্তমানে করোনা রোগী রয়েছেন ২২ হাজার ২২১ জন। তাঁদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৯৩ জন। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ১৬৬ জন রয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ১৪৭ জন, যশোরে ১৪২, বাগেরহাটে ৪১, চুয়াডাঙ্গায় ৪৩, ঝিনাইদহে ৭৫, মাগুরায় ৫৫, মেহেরপুরে ৫৫, নড়াইলে ২০ এবং সাতক্ষীরায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯২ হাজার ৩৬১ জনের। শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এ জেলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৬৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া যশোরে ১৮ হাজার ৬৩১ জন, কুষ্টিয়ায় ১৪ হাজার ১৯৭, ঝিনাইদহে ৭ হাজার ৪৮৮, চুয়াডাঙ্গায় ৫ হাজার ৯৯৪, বাগেরহাটে ৫ হাজার ৯৪১, সাতক্ষীরায় ৫ হাজার ৬২২, নড়াইলে ৪ হাজার ৭৮, মেহেরপুরে ৩ হাজার ৭৫১ ও মাগুরায় ৩ হাজার ২৮ জন আছেন।

বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ২ হাজার ৩৬৯। করোনায় মারা যাওয়া সর্বশেষ ৩৪ জনের মধ্যে খুলনায় ও কুষ্টিয়ায় ৮ জন করে, যশোরে ৭ জন, ঝিনাইদহে ৫ জন, চুয়াডাঙ্গায় ২ জন, মেহেরপুরে, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরায় ১ জন করে রয়েছেন।