খুলনা বিভাগে করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০৬
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০৬ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে সাতজন মারা গেছেন। এ নিয়ে বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ২৯১ জন, মারা গেছেন ৬৪৫ জন। এর মধ্যে চলতি মাসেই করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৩ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা আজ সোমবার এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ৩৫৮ জন। সুস্থতার হার ৯১ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসে বিভাগে ৩ হাজার ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে ৭৩ জন মারা গেছেন। গত ১০ দিনে মারা গেছেন ৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৫৩ জন, এর মধ্যে খুলনা নগরের রয়েছেন ৪৫ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত ১২ জন, যশোরে ৪৩, সাতক্ষীরায় ৩৭, নড়াইলে ৯, মেহেরপুরে ৩, চুয়াডাঙ্গায় ১১, ঝিনাইদহে ৫ ও কুষ্টিয়ায় ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময় মাগুরায় কেউ শনাক্ত হননি।
গত ২৪ ঘণ্টায় খুলনায় ২ জন এবং বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও কুষ্টিয়ায় ১ জন করে করোনা রোগী মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪৫, যার মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৭৪ জন (খুলনা শহরের ১৩৭ জন), কুষ্টিয়ায় ১১২, যশোরে ৮১, চুয়াডাঙ্গায় ৬১, ঝিনাইদহে ৫৫, সাতক্ষীরায় ৪৭, বাগেরহাটে ৪২, নড়াইলে ২৭, মাগুরায় ২৩ ও মেহেরপুরে ২৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৮৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় খুলনায় ২ জন এবং বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল ও কুষ্টিয়ায় ১ জন করে করোনা রোগী মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪৫।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলাভিত্তিক হিসাবে খুলনা বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ২২৪ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩১৯ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬০৩ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯৬৮, যশোরে ৬ হাজার ৯৩০, ঝিনাইদহে ২ হাজার ৯০৮, কুষ্টিয়ায় ৪ হাজার ৯৪৬, মাগুরায় ১ হাজার ২৫৩, মেহেরপুরে ৯৯০, নড়াইলে ১ হাজার ৮৭৩ ও সাতক্ষীরায় ১ হাজার ৫৯৬ জন।
বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৮৮ জন। এর মধ্যে খুলনার ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ জন, যার মধ্যে ১১ জন আছেন আইসিইউতে।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার এবং ২৬ মে সাড়ে ৩৩ হাজার ছাড়ায়। ৩০ মে শনাক্তের সংখ্যা ৩৪ হাজার ছাড়ায়।