খুলনা বিভাগে করোনায় দুজনের মৃত্যু, শনাক্তের হার কমেছে
খুলনা বিভাগে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ৫। আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল ১২ দশমিক ৮২।
শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের, তাঁদের বাড়ি কুষ্টিয়ায়। আগের দিন মৃত্যু হয়েছিল একজনের।
গতকালের চেয়ে ৩১৮টি কম নমুনা পরীক্ষা হয়েছে। পাশাপাশি গতকালের চেয়ে ৫৭ জন কম শনাক্ত হয়েছে। আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৫৬ জন। এ ছাড়া কুষ্টিয়ায় ২২ জন, সাতক্ষীরায় ১৬, যশোরে ২, নড়াইলে ৮, বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ১১, ঝিনাইদহে ৮, মেহেরপুরে ১০ ও মাগুরায় ৬ জন রয়েছেন।
খুলনা বিভাগে বর্তমানে ৮ হাজার ৭৫১ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ১৩১ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন, সুস্থ হয়েছেন ৫০১ জন।
১০ জেলা নিয়ে গঠিত বিভাগটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৭৪ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯১৭ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, কয়েক দিন ধরে সংক্রমণের হার ও শনাক্তের সংখ্যা কমে আসছে। চিকিৎসাধীন রোগী কমছে। এরপরও করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।