খুলনা বিভাগে করোনায় নতুন শনাক্ত ২৩১, মৃত্যু ৩ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বিভাগে ১ হাজার ৭৬ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার হয়েছে ২১ দশমিক ৪৭। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হওয়া তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত করোনার নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা অর্ধেকের বেশি কমেছে, পাশাপাশি করোনা শনাক্ত ও সংক্রমণের হারও বেশ কমেছে। তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ৯৭ জন, কুষ্টিয়ায় ৬০, চুয়াডাঙ্গায় ৪০, নড়াইলে ১১, মেহেরপুরে ১১, ঝিনাইদহে ৯ ও যশোরে ৩ জন রয়েছেন। বাগেরহাট, মাগুরা ও সাতক্ষীরায় কোনো পরীক্ষা না হওয়ায় শনাক্তও নেই। বিভাগের মধ্যে যশোরে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সবচেয়ে বেশি—৪২ দশমিক ৮৬। সবচেয়ে কম শনাক্তের হার চুয়াডাঙ্গায়—১২ দশমিক ৬৬।

প্রতিবেদন জানানো হয়েছে, করোনার চলমান ঢেউয়ে বিভাগে বর্তমানে ১১ হাজার ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ২২৯ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন।

মহামারি শুরুর পর থেকে বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৫ হাজার ১২৭ জনের। করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২২৭ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৮২৫ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, নমুনা পরীক্ষা শুক্রবারে কিছু কম হয়। তবে কয়েক দিন ধরে সংক্রমণের হার একটু করে কমছে। বর্তমানে যত রোগী শনাক্ত হচ্ছে, তাঁদের বেশির ভাগের জটিলতা কম। এ জন্য হাসপাতালে চাপ কম। তবে কোনোভাবেই অবহেলা করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, টিকা নিতে হবে।