খুলনা বিভাগে করোনায় মারা গেলেন আরও ৫ জন, নতুন শনাক্ত ১১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৭ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে পাঁচজন মারা গেছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় এ পর্যন্ত মোট সংক্রমিত হলেন ৩৩ হাজার ৭৪৬ জন। বিভাগে করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ১৪৭ জন। সুস্থতার হার ৯২ শতাংশের কিছু বেশি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ১৯ থেকে ২৮ মে এই ১০ দিনে খুলনা বিভাগে ১ হাজার ৩১২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৩১ জন। এর আগের ১০ দিনে (৯-১৮ মে) বিভাগে ৬২৯ জনের করোনা শনাক্ত হয়। ওই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৯ জন।

শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৪৯ জন, এর মধ্যে খুলনা নগরের ৩৫ জন রয়েছেন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১১ জন, যশোরে ৪৩, ঝিনাইদহে ৩, কুষ্টিয়ায় ১০ এবং নড়াইলে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময় সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কারও করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় এ পর্যন্ত মোট সংক্রমিত হলেন ৩৩ হাজার ৭৪৬ জন। বিভাগে করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬২৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলাভিত্তিক হিসাবে খুলনা বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ৮৭ করোনা রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ২০৮ জন। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫১৩ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯৪৬, যশোরে ৬ হাজার ৮৩০, ঝিনাইদহে ২ হাজার ৮৯৫, কুষ্টিয়ায় ৪ হাজার ৮৭৫, মাগুরায় ১ হাজার ২৫৩, মেহেরপুরে ৯৮৫, নড়াইলে ১ হাজার ৮৬৪ এবং সাতক্ষীরায় ১ হাজার ৪৯৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাসা আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৭১ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ জন, যার মধ্যে ৭ জন আছেন আইসিইউতে।

শেষ ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৩ জন এবং যশোর ও মেহেরপুরে ১ জন করে করোনায় আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৭০ জন, যার মধ্যে খুলনা শহরের রয়েছেন ১৩৪ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ১১০ জন, যশোরে ৭৮, চুয়াডাঙ্গায় ৫৯, ঝিনাইদহে ৫৫, সাতক্ষীরায় ৪৫, বাগেরহাটে ৪১, নড়াইলে ২৬, মাগুরায় ২৩ ও মেহেরপুরে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৮৬ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার এবং ২৬ মে এ সংখ্যা সাড়ে ৩৩ হাজার ছাড়িয়েছে।