খুলনা বিভাগে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) করোনায় ১৮ জন মারা গেছেন। এই সময়ে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছিল এবং ৪২০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে। শনাক্ত ও মৃত্যুর সংখ্যাও কমেছে। তবে শনাক্তের হার বেড়েছে। আর খুলনা জেলায় শনাক্তের সংখ্যা ২৬ হাজার ছুঁয়েছে।

গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ১ হাজার ৭৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৫। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৪৫৪টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৯ দশমিক ২১।

বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮২৯। মৃত্যুর হার ২ দশমিক ৭১। করোনায় মারা যাওয়া সর্বশেষ ১৮ জনের মধ্যে খুলনা ও কুষ্টিয়ার ৬ জন করে, মেহেরপুরে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় ১ জন আছেন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭১৯ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৬৮২ জনের। এ ছাড়া যশোরে ৪২২, ঝিনাইদহে ২৪১, চুয়াডাঙ্গায় ১৮১, মেহেরপুরে ১৭৪, বাগেরহাটে ১৩৫, নড়াইলে ১০৭, সাতক্ষীরায় ৮৬ ও মাগুরায় ৮২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৩১০ জনের। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৬ হাজার জনের করোনা হয়েছে। এরপর যশোরে ২০ হাজার ৪৫৮ জনের এবং কুষ্টিয়ায় ১৬ হাজার ৮৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।