খুলনা বিভাগে করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বেড়েছে
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৭২২টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৭।
আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে কুষ্টিয়ায় দুজন ও যশোরে একজন আছেন। বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৩০। মৃত্যুর হার ২ দশমিক ৮।
বিভাগে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৮। ওই সময়ে বিভাগে করোনায় ২ জন মারা যান। আর ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। শেষ ২৪ ঘণ্টায় আগের সময়ের চেয়ে ৩টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। বিভাগে শনাক্তের হার, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়া ও ঝিনাইদহে ১৮ জন করে। এ ছাড়া খুলনায় ৭ জন, বাগেরহাটে ১ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ১৩ জন, নড়াইলে ২ জন, মাগুরায় ৩ জন ও মেহেরপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় চুয়াডাঙ্গায় কারও করোনা শনাক্ত হয়নি।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ, চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১২ হাজার ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৪৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ২ হাজার ৫৬৯ জন। তাঁদের মধ্যে ২১৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায় আছেন।