খুলনা বিভাগে করোনায় মৃত্যুর ৪০ শতাংশই শেষ ১৫ দিনে
খুলনা বিভাগে সংক্রমণ শনাক্তের পর থেকে চলতি মাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আগের যেকোনো সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে বিভাগের ১০ জেলায় ২১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময় করোনায় মারা গেছেন ৭০২ জন। বিভাগে মোট মৃত্যুর প্রায় ৪০ শতাংশই শেষ ১৫ দিনে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত বিভাগের করোনা পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল ছিল। তবে পবিত্র ঈদুল ফিতরের পর থেকে সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে থাকে। আর গত জুন মাস থেকে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড কয়েক দফায় ভেঙেছে। চলতি মাসের শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। এখন পর্যন্ত বিভাগে গড় শনাক্তের হার প্রায় ২৩ শতাংশ হলেও গত ১৫ দিনে গড় শনাক্তের হার ছিল প্রায় ৩৮ শতাংশ।
গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত খুলনা বিভাগে ১ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ খুলনা জেলায় শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮৪ শতাংশ। এদিকে গত এক দিনে বিভাগে ৪৭ জন করোনায় মারা গেছেন।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৪৫৯ জন রয়েছেন। এ ছাড়া যশোরে ২৯৮ জন, কুষ্টিয়ায় ২৭৩ জন, বাগেরহাটে ৮৮ জন, সাতক্ষীরায় ৯২ জন, নড়াইলে ৪৩ জন, মাগুরায় ৭৬ জন, ঝিনাইদহে ৯৪ জন, চুয়াডাঙ্গায় ১৩১ জন ও মেহেরপুরে ৮৫ জন শনাক্ত হয়েছেন।
এদিকে করোনায় মারা যাওয়া সর্বশেষ ৪৭ জনের মধ্যে খুলনায় ১৬ জন, কুষ্টিয়ায় ১০ জন, যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ৪ জন করে, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরায় ১ জন করে রয়েছেন।
বিভাগে করোনায় এ পর্যন্ত সর্বোচ্চ ৪৬৮ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। কুষ্টিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৮০ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, বিভাগে এখন পর্যন্ত ৩ লাখ ৪২ হাজার ৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট সংখ্যা ৭৮ হাজার ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে ২ হাজার ১৯৭টি, জিন এক্সপার্টে ১৫২টি এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত বিভাগে মোট মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। আর সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৯৬১ জন। সুস্থতার হার ৬৪ শতাংশ।
বিভাগে করোনায় এ পর্যন্ত সর্বোচ্চ ৪৬৮ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। কুষ্টিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোরে ২৪৯ জন, ঝিনাইদহে ১৫৭ জন, চুয়াডাঙ্গায় ১৩১ জন, বাগেরহাটে ১০৪ জন, মেহেরপুরে ৮৮ জন, সাতক্ষীরায় ৮০ জন, নড়াইলে ৭২ জন ও মাগুরায় ৪৩ জন মারা গেছেন।
বিভাগে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২৬ হাজার ৩০৭ জন। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩২৬ জন। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।