খুলনা বিভাগে করোনায় মৃত্যুহীন দুটি দিন কাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ করোনায় সংক্রমিত হয়ে মারা যাননি। গতকাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃত্যুহীন টানা ৪৮ ঘণ্টা পার করেছে খুলনা বিভাগ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ দিনে (১০-১৬ মে) খুলনা বিভাগে ৩৭৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছেন প্রায় ৫৪ জন। এই সাত দিনে বিভাগে করোনায় মারা গেছেন পাঁচজন। এর আগের ৭ দিনে (৩-৯ মে) বিভাগে ৫৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছিল প্রায় ৮০ জন। এই সময়ে বিভাগে করোনায় মারা যান ১২ জন।

বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় সংক্রমিত হলেন ৩২ হাজার ২৫৩ জন। বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ হাজার ৮৭৬ জন। সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ। এখনো বাসায় ও হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৭৮২ জন। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৪৫ করোনা রোগী চিকিৎসাধীন, যার ৬ জন আছেন আইসিইউতে।

শেষ ২৪ ঘণ্টায় খুলনায় ১৩ জন, নড়াইলে ২ জন এবং যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। এ সময় বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা ও চুয়াডাঙ্গায় কেউ শনাক্ত হননি।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯৫ জন। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৫৯ জন, কুষ্টিয়ায় ১০৮, যশোরে ৭৫, ঝিনাইদহে ৫৪, চুয়াডাঙ্গায় ৫৩, সাতক্ষীরায় ৪৪, বাগেরহাটে ৩৫, নড়াইলে ২৫, মাগুরায় ২৩ এবং মেহেরপুরে ১৯ জন রয়েছেন। বিভাগে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৮৫ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।