খুলনা বিভাগে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

খুলনা বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু কুষ্টিয়ায় ২ জন মারা গেছেন। এই সময়ে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৭৮।

এই সময়ে সুস্থ হয়েছেন ১৩৭ জন। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৭। মারা যান ১ জন। করোনা শনাক্ত হয়েছিল ৫৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২২ জন কুষ্টিয়ার। এ ছাড়া ঝিনাইদহে ১৫, মেহেরপুরে ২, মাগুরায় ১, খুলনায় ৭, যশোরে ১৪, চুয়াডাঙ্গায় ৩, বাগেরহাটে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে নড়াইল ও সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হয়নি।

শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৪৩ জন। সোমবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় চিকিৎসাধীন রোগী ২ হাজার ৬৬১ জন। তাঁদের মধ্যে ২০৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১৩০। মৃত্যুর হার ২ দশমিক ৭৯। খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায়, ৭৬৫ জন।