খুলনা বিভাগে করোনায় ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু
খুলনা বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৬ জুন এক দিনে ১৪ জনের মৃত্যুর পর গত ৫৩ দিনের মধ্যে বিভাগে এক দিনে এটাই সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ২ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষা করে ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ শতাংশ। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার বিভাগে করোনায় ২২ জনের মৃত্যু হয়েছিল এবং ওই দিন ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৭১ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৮ দশমিক ২৯ শতাংশ। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে। শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যাও কমেছে।
বিভাগে এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৭৪২ জন। সুস্থতার হার ৮৫ দশমিক ৩০ শতাংশ।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনায় রয়েছেন সর্বোচ্চ ১২৮ জন। এ ছাড়া যশোরে রয়েছেন ৮৭, কুষ্টিয়ায় ৫৫, ঝিনাইদহে ৪৬, সাতক্ষীরায় ২৭, নড়াইলে ২০, চুয়াডাঙ্গায় ১৮, মাগুরায় ১৬, মেহেরপুরে ১৪ ও বাগেরহাটে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় ২ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষা করে ৪২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি আগস্ট মাসের প্রথম ১৮ দিনে ১২ হাজার ২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৪৭৯ জন, সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৫৬ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬৮২ জন শনাক্ত হয়েছেন এবং প্রায় ২৭ জন মারা গেছেন। এর আগের ১৮ দিন (১৪ জুলাই থেকে ৩১ জুলাই) শনাক্ত হয়েছিলেন ১৮ হাজার ১৫২ জন। ওই সময়ের মধ্যে মারা গেছেন ৬৯৯ জন আর সুস্থ হন ২০ হাজার ৬৭৫ জন। অর্থাৎ ওই সময়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৯ জনের করোনা শনাক্ত হয়েছিল আর মারা গিয়েছিলেন প্রতিদিন গড়ে ৩৯ জন। আগস্টে এসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমেছে।
তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিনই কমছে। বুধবার বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ১২ হাজার ৫৯৫। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮২৮ জন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনায় মারা যাওয়া সর্বশেষ ১৬ জনের মধ্যে খুলনায়, যশোরে ও কুষ্টিয়ায় ৪ জন করে, ঝিনাইদহে ২ জন এবং বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৮৬৭। মৃত্যুর হার ২ দশমিক ৭৩ শতাংশ।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৩০ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছেন কুষ্টিয়ায় ৬৮৯ জন। এ ছাড়া যশোরে মারা গেছেন ৪৩২, ঝিনাইদহে ২৪৬, চুয়াডাঙ্গায় ১৮২, মেহেরপুরে ১৭৪, বাগেরহাটে ১৩৬, নড়াইলে ১০৮, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৩ জনের মৃত্যু হয়েছে।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৬ হাজার ২৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে শনাক্ত হয়েছেন ২০ হাজার ৫৯৫ জন এবং কুষ্টিয়ায় শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৯৭৬ জন।