খুলনা বিভাগে কাটল করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৩ শতাংশের নিচে
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। গত ছয় দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিভাগে করোনায় মৃত্যুশূন্য দিন কাটল। ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৯৩। বিভাগে এটি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিভাগে এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক শূন্য ১। ওই সময়ে বিভাগে করোনায় ১ জন মারা যান এবং ৪২ জনের করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১০৯টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে। শনাক্ত মানুষের সংখ্যা বাড়লেও শনাক্তের হার ও মৃত্যু কমেছে।
বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৬৪৩ জন। সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ৯।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোরে সর্বোচ্চ ১১, খুলনায় ৯, মাগুরায় ১, ঝিনাইদহে ৬, কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৪, নড়াইলে ২ ও মেহেরপুরে ৪ জন। এ সময়ে বাগেরহাট ও সাতক্ষীরায় কারও করোনা শনাক্ত হয়নি। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৪ জন।
বিভাগে করোনায় মৃত মোট মানুষের সংখ্যা এখন ৩ হাজার ১৩৪। মৃত্যুর হার ২ দশমিক ৭৯। খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১২ হাজার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৬৪৩ জন। সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ৯। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪৭ জন।