খুলনা বিভাগে ছয় মাস পর করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪৮ জন করোনা রোগী। ১ হাজার ৩৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের।

শনাক্তের হার ৪ দশমিক ৪২। প্রায় ছয় মাসের মধ্যে এটিই এক দিনে সর্বনিম্ন শনাক্তের হার। বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ২২২টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮২। ওই সময়ে বিভাগে করোনায় সংক্রমিত ১ জনের মৃত্যু হয়েছিল এবং করোনা শনাক্ত হয়েছিল ৯২ জনের। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ও হার কমেছে, তবে মৃত্যুর সংখ্যা বেড়েছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১১ হাজার ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে খুলনা। জেলায় ২৭ হাজার ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত ৬০ করোনা রোগীর মধ্যে ঝিনাইদহে সর্বোচ্চ ১৭ জন রয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ায় ১০, বাগেরহাটে ৩, মাগুরায় ৩, মেহেরপুরে ৩, নড়াইলে ১, যশোরে ৯, খুলনায় ৭, চুয়াডাঙ্গায় ৩ ও সাতক্ষীরায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে করোনায় সর্বশেষ মারা যাওয়া দুজনের বাড়ি কুষ্টিয়ায়। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৩ হাজার ১২০। মৃত্যুর হার ২ দশমিক ৭৯। এ পর্যন্ত হিসাবে করোনায় খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৪ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৬২ জনের। এ ছাড়া যশোরে ৪৮৭, ঝিনাইদহে ২৬৫, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২০, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩১ জন করোনা রোগী। সুস্থতার হার ৯৪ দশমিক ৪৫। বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগে করোনা রোগী আছেন ৩ হাজার ৮৭ জন। এর মধ্যে ২৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাসায় আছেন।