খুলনা বিভাগে শনাক্ত ও শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যু
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। একই সময় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। আর এর মধ্য দিয়ে শনাক্ত ৫৪ হাজার ছাড়িয়েছে। এদিকে খুলনায় শনাক্ত ১৫ হাজার এবং যশোরে শনাক্ত ১২ হাজার ছাড়িয়েছে।
বিভাগে গতকাল সোমবার ৩০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১ হাজার ৪৬৪ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে আক্রান্ত শনাক্ত ও শনাক্তের হার কিছুটা কমেছে।
আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বিভাগে করোনায় মারা গেছেন মোট ১ হাজার ৪৩ জন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৯০ শতাংশ। আর শনাক্তের সংখ্যা মোট ৫৪ হাজার ৯৯৮। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৭ হাজার ৪৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি যশোরে আটজন মারা গেছেন। এরপর বাগেরহাটে পাঁচজন; খুলনা ও কুষ্টিয়ায় চারজন করে; নড়াইলে তিনজন; চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুরে দুজন করে এবং বিনাইদহ ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।
বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২৫০ জন, কুষ্টিয়ায় ২০২, যশোরে ১৪২, চুয়াডাঙ্গায় ৮৮, ঝিনাইদহে ৮৮, বাগেরহাটে ৮৬, সাতক্ষীরায় ৬৮, মেহেরপুরে ৪৮, নড়াইলে ৪৪ ও মাগুরায় ২৭ জন আছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি মাসের প্রথম ২৯ দিনে ২০ হাজার ৭০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ৩৯৮ জন। এর আগের ২৯ দিনে (৩-৩১ মে) শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৯৭৩ জন। ওই সময়ে মারা যান ৬৭ জন। অর্থাৎ এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর প্রায় ৩৮ শতাংশ এবং মোট মৃত্যুর ৩৮ শতাংশের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এই সময়ে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় আরটি–পিসিআরে ১ হাজার ৫৭৬টি, জিন এক্সপার্টে ১০৬টি, র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১ হাজার ৬৮৯টিসহ মোট ৩ হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। রোগী শনাক্তের হার ৪০ দশমিক ৫৫। আগের দিনের চেয়ে ২০৮টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ২৯।
বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে বাগেরহাটে ১১৬ জন, চুয়াডাঙ্গায় ৯৯, যশোরে ৩০৮, ঝিনাইদহে ৯৩, খুলনায় ৩৭৮, কুষ্টিয়ায় ১৮০, মাগুরায় ২৯, মেহেরপুরে ৮০, নড়াইলে ৫১ ও সাতক্ষীরায় ৩৩ জন।
মৃত্যুর মতো শনাক্ত বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। খুলনায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ১৫ হাজার ৩২১ জন। এ ছাড়া বাগেরহাটে ৩ হাজার ২৯৯ জন, চুয়াডাঙ্গায় ৩ হাজার ২৬৬, যশোরে ১২ হাজার ৮৭ , ঝিনাইদহে ৪ হাজার ২৩০, কুষ্টিয়ায় ৭ হাজার ৫৩৬, মাগুরায় ১ হাজার ৫৩৮, মেহেরপুরে ১ হাজার ৭৫৬, নড়াইলে ২ হাজার ৬৩২ ও সাতক্ষীরায় ৩ হাজার ৩৩৩ জন শনাক্ত হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় ধরে শনাক্ত ৪০ শতাংশের ওপরে। সুস্থ হওয়ার চেয়ে শনাক্ত বেশি হওয়ায় সক্রিয় রোগী অনেক বেড়ে গেছে। প্রায় ৯৫ শতাংশ রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন। ৫ শতাংশ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে শয্যা দিতে হিমশিম অবস্থা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না।