খুলনা বিভাগে ২৪ ঘণ্টা ব্যবধানে শনাক্ত বেড়েছে ৩ গুণ
খুলনা বিভাগে করোনা রোগী শনাক্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৯ জনের। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ৩২ জন। এক দিনের ব্যবধানে রোগী বেড়েছে প্রায় তিন গুণ। আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ৬৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১২ দশমিক ৭৭। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ৪৩। আজ পর্যন্ত বিভাগে ১ লাখ ১৪ হাজার ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ১৯৫ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর মধ্যে চুয়াডাঙ্গায় ৩ জন, যশোরে ৪০, ঝিনাইদহে ১৩, খুলনায় ২৫, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে এবং সাতক্ষীরা ২ জন রয়েছেন। এই সময় কুষ্টিয়া, মাগুরা ও বাগেরহাটে কারোর করোনা শনাক্ত হয়নি। বিভাগের মধ্যে ঝিনাইদহে শনাক্তের হার সর্বোচ্চ ২৮ দশমিক ৮৯ এবং যশোরে ২৬ দশমিক ৬৭।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ১৯ মার্চ চুয়াডাঙ্গায়। গত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিদিনই করোনা শনাক্ত ৫ শতাংশের ওপরে ছিল। গত বছরের ২২ সেপ্টেম্বর শনাক্ত ৫ শতাংশের নিচে নামে। এরপর ডিসেম্বর পর্যন্ত শনাক্তের হার আর কখনো ৫–এর ওপরে ওঠেনি। গত ২৮ ডিসেম্বর শনাক্তের হার ছিল ১ দশমিক ৬৬। গত সপ্তাহ দুয়েক আগে শনাক্তের হার বাড়তে থাকে। ৯ জানুয়ারি শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৫। ১৩ জানুয়ারি পর্যন্ত শনাক্ত ১০ শতাংশের নিচে ছিল। ১৪ জানুয়ারি থেকে শনাক্ত ১০ শতাংশের ওপরে ওঠে। আজ শনাক্ত ১৩ শতাংশের কাছাকাছি।
খুলনায় শনাক্তের হার সর্বোচ্চ
এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা বিবেচনায় বিভাগের জেলাগুলোর মধ্যে শীর্ষে খুলনা। জেলায় ২৮ হাজার ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায়। এ জেলায় ৪ হাজার ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ২৯৩ জন। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগে করোনা রোগী আছেন ১ হাজার ৫৯৫ জন। তাঁদের মধ্যে ৭৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা বাসায়।