খুলনা বিভাগে ২৪ ঘণ্টার করোনার সংক্রমণ ২৮ শতাংশ, মৃত্যু ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষায় ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৮ দশমিক ২৯। একই সময়ে করোনার সংক্রমণে বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৭৩। ১২ দিন পর বিভাগে করোনা শনাক্তের হার ৩০-এর নিচে নামল।

আজ শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা কিছুটা কমেছে। পাশাপাশি করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ও সংক্রমণের হার কমেছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার ১৪৭ জন, যশোরে ৯৯, কুষ্টিয়ায় ৮৮, বাগেরহাটে ৬৫, ঝিনাইদহে ৫০, সাতক্ষীরায় ৪৮, চুয়াডাঙ্গায় ৪৫, মাগুরায় ৩৭, মেহেরপুরে ৩২ ও নড়াইলে ১৫ জন আছেন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৯৬ জনের। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২২৪ জনের। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৫৪ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, সপ্তাহখানেক ধরে শনাক্তের হার অনেকটা স্থিতাবস্থায় থাকার পর প্রায় দুই সপ্তাহের মধ্যে শনাক্তের হার আজ কিছুটা কমেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে আরও কিছুটা সময় লাগবে। এমন পরিস্থিতিতে মানুষকে করোনা টিকা নিতে হবে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।