খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২২৬
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জন মারা গেছেন। এ সময়ে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছেন ৫৯১ জন। আজ রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১২৪ জনের করোনা শনাক্ত ও করোনায় ৯ জনের মৃত্যু হয়েছিল। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেশি হয়েছে। পাশাপাশি শনাক্ত, শনাক্তের হার বেড়েছে। তবে মৃত্যুর সংখ্যা একই আছে।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট পদ্ধতিতে মোট ১ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৯২। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৫৭১টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১৪।
বিভাগে এখন পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২১ হাজার ৮২ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৫১১ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিনই কমছে। আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ৮ হাজার ৯৮০ জন।
বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৯৮৯। মৃত্যুর হার ২ দশমিক ৭৬। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে খুলনা ও যশোরে ৩ জন করে এবং বাগেরহাট, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় ১ জন করে রয়েছেন।
বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭২৪ জনের। এ ছাড়া যশোরে ৪৫৬ জন, ঝিনাইদহে ২৫৯, চুয়াডাঙ্গায় ১৮৬, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৪০, নড়াইলে ১১৩, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনায় ৬৯ জন। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১৮ জন, ঝিনাইদহ ২৪, যশোরে ৩৩, নড়াইলে ২০, বাগেরহাটে ১৯, মাগুরায় ১১, সাতক্ষীরায় ১২, মেহেরপুরে ৮ ও কুষ্টিয়ায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।