খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু।
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৭০ জন। আগের ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ২৭৬ জনের। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বেশি হয়েছে। পাশাপাশি শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানা যায়, করোনায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে খুলনার জেলার ৫, যশোর ও কুষ্টিয়ায় ৪ জন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ৯৫৪। মৃত্যুর হার ২ দশমিক ৭৫। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ৯১, কুষ্টিয়ায় ৪২, ঝিনাইদহে ৩৫, যশোরে ৫০, বাগেরহাটে ১৩, মাগুরায় ৭, সাতক্ষীরায় ২২, মেহেরপুরে ২০, নড়াইলে ১৬ ও চুয়াডাঙ্গায় ৪ জন আছেন।

গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত খুলনা বিভাগে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ১ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ১১। আগের ২৪ ঘণ্টার চেয়ে ২৮টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১০। বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার ঝিনাইদহে ২২ দশমিক ৭৩। সর্বনিম্ন শনাক্তের হার চুয়াডাঙ্গায় ৩ দশমিক ৫৪।

বিভাগে এখন পর্যন্ত ৪ লাখ ৬৩ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৭ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৭। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৬ হাজার ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২০ হাজার ৯৫৫ জনের ও কুষ্টিয়ায় ১৭ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৩ হাজার ৯৬৬ জনের করোনা শনাক্ত হয়। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৪ হাজার ৩৯১ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৭৯।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিনই কমছে। আজ বুধবার বিভাগের ১০ জেলায় ১০ হাজার ১৭৫ জন করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮৩ জন। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৪৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭১৩ জনের। এ ছাড়া যশোরে ৪৫১, ঝিনাইদহে ২৫৪, চুয়াডাঙ্গায় ১৮৬, মেহেরপুরে ১৭৭, বাগেরহাটে ১৩৯, নড়াইলে ১১২, সাতক্ষীরায় ৮৭ ও মাগুরায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।