খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬২৯। একই সময়ে নতুন করে ৪২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে কুষ্টিয়া ও যশোর জেলায় ১০ জন করে, খুলনায় ৯, মেহেরপুরে ৪, চুয়াডাঙ্গায় ৩, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলে ১ জন করে আছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন এই দুই প্রক্রিয়ায় ১ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাঁদের মধ্যে ৪২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আজ বাসা ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী আছেন ১৮ হাজার ৮২৬ জন। তাঁদের মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ২০৬ জন। অন্যরা বাসায় আইসোলেশনে আছেন। নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে যশোরে ১১৫ জন, কুষ্টিয়ায় ৭৫, খুলনায় ৯০, মাগুরায় ৩৯, সাতক্ষীরায় ২০, বাগেরহাটে ১০, চুয়াডাঙ্গায় ৯, ঝিনাইদহে ২৫, মেহেরপুরে ৩৪ ও নড়াইলে ১১ জন আছেন।

বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জনের। সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৪ হাজার ৭৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে ১৯ হাজার ৬৮২ জনের, কুষ্টিয়ায় ১৫ হাজার ৬৯৩, বাগেরহাটে ৬ হাজার ৩৩৫, চুয়াডাঙ্গায় ৬ হাজার ২৭৬, ঝিনাইদহে ৮ হাজার ১১৮, সাতক্ষীরায় ৫ হাজার ৯৯৯, নড়াইলে ৪ হাজার ৩৭৮, মেহেরপুরে ৪ হাজার ১৮৩ ও মাগুরায় ৩ হাজার ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৪২৭ জন।

বিভাগের মধ্যে খুলনা জেলায় করোনায় সর্বোচ্চ ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ কুষ্টিয়ায় ৬১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া যশোরে ৩৮৯, ঝিনাইদহে ২২৪, চুয়াডাঙ্গায় ১৭৫, মেহেরপুরে ১৫৮, বাগেরহাটে ১৩০, নড়াইলে ৯৮, সাতক্ষীরায় ৮৫ ও মাগুরায় ৭৭ জনের করোনায় মৃত্যু হয়।