খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার বাসিন্দা। একই সময়ে ১ হাজার ৩৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক শূন্য ১। সুস্থ হয়েছেন ১৭৪ জন। আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, শেষ ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪ দশমিক শূন্য ৭। ওই সময়ে করোনায় তিনজন মারা যান। আর ৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে আগের দিনের তুলনায় ৩২৭টি নমুনা কম পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বিভাগে গতকাল মঙ্গলবার থেকে আজ সকাল আটটা পর্যন্ত নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায়, ১৩ জন। এ ছাড়া খুলনার ৮, বাগেরহাটের ১, সাতক্ষীরার ২, ঝিনাইদহের ৩, যশোরের ৮, চুয়াডাঙ্গার ৩, নড়াইলের ১ ও মেহেরপুরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মাগুরায় কারও করোনা শনাক্ত হয়নি।
বিভাগে মোট মৃত মানুষের সংখ্যা এখন ৩ হাজার ১৩৪। মৃত্যুর হার ২ দশমিক ৮। এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১২ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৩৯ জন। সুস্থতার হার ৯৫ দশমিক শূন্য ৩। আজ বাড়ি ও হাসপাতাল মিলিয়ে বিভাগের ১০ জেলায় করোনা রোগী ছিল ২ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ১৯৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অন্যরা বাড়িতে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। জেলায় ২৭ হাজার ৮৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম রোগী মাগুরায়। সেখানে শনাক্ত রোগীর সংখ্যা ৪ হাজার ১৪৬।