খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮০২ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৭৪। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে যশোরের ২ ও ঝিনাইদহের ১ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১২৭। তবে আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় কেউ মারা যাননি।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে কুষ্টিয়ার নয়জন, মেহেরপুরের এক, যশোরের আট, নড়াইলের এক, খুলনার চার, চুয়াডাঙ্গার চার ও সাতক্ষীরার তিনজন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব৵ক্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ১১ হাজার ৮৭৫। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬১ জন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা শনাক্ত হয়। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাসা ও হাসপাতাল মিলিয়ে বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে ২১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।