খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা গেছেন ৭ জন। আজ শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে কুষ্টিয়া জেলার ছয়জন, যশোর, ঝিনাইদহ, খুলনায় ও সাতক্ষীরায় একজন করে আছেন। বিভাগে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৭১। মৃত্যুর হার ২ দশমিক ৭৫। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ৯৯, খুলনার ৬৭, ঝিনাইদহে ২৩, যশোরে ৩৮, বাগেরহাটে ৭, মাগুরার ১৫, সাতক্ষীরার ৯, মেহেরপুরের ২৯, নড়াইলের ১৭ ও চুয়াডাঙ্গার ৯ জন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে মোট ১ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৭৬। আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৪২টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৯৬।

৪ লাখ ৬৮ হাজার ৯০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮ হাজার ১৩০ জনের। মোট শনাক্তের হার ২৩ দশমিক ১। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৭ হাজার ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২১ হাজার ৩৫ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৫৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ হাজার ২৯২ জন। শনাক্তের সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ১৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও প্রতিদিনই কমছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৯ হাজার ৮৬৭ জন করোনা রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫০৬ জন। বাকিরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।