খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও ৫ জন মারা গেছেন। এই সময়ে মোট ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫৫। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪৩ জন। আজ শনিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছিল এবং ১৮৮ জনের করোনা শনাক্ত হয়। আগের ২৪ ঘণ্টার চেয়ে ৮৪৩টি নমুনা কম পরীক্ষা হয়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১০ দশমিক ২৩। ফলে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা, শনাক্ত, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা সবই কমেছে।

বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৫৮৯ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। সেখানে ২৭ হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২১ হাজার ২১৭ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৮১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৫৮৯ জনের। শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা।

বিভাগের ১০ জেলায় করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৭০৮ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৯৮।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ খুলনার ২২ জন। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৩ জন, ঝিনাইদহে ৮, যশোরে ১০, নড়াইলে ৩, সাতক্ষীরায় ৬, মেহেরপুরে ৩ ও কুষ্টিয়ায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মাগুরায় কেউ শনাক্ত হননি আর বাগেরহাটে কোনো নমুনা পরীক্ষা না হওয়ায় সেখানেও কেউ শনাক্ত হননি।

করোনায় মারা যাওয়া সর্বশেষ পাঁচজনের মধ্যে খুলনায়, যশোরে, কুষ্টিয়ায়, ঝিনাইদহে ও মেহেরপুরে ১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪। মৃত্যুর হার ২ দশমিক ৭৭।

বিভাগের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু কুষ্টিয়ায় ৭৩৬ জনের। এ ছাড়া যশোরে ৪৬৬ জন, ঝিনাইদহে ২৬৩, চুয়াডাঙ্গায় ১৮৮, মেহেরপুরে ১৭৯, বাগেরহাটে ১৪১, নড়াইলে ১১৪, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৯০ জনের মৃত্যু হয়েছে।