খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩১, একজনের মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যশোরের একজন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৯১ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে সুস্থ হয়েছেন ৪৮ জন।
নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন শনাক্ত রোগীদের মধ্যে কুষ্টিয়ার বাসিন্দা আছেন সর্বোচ্চ ৯ জন। এ ছাড়া যশোরে ৫, সাতক্ষীরার ৩, মাগুরার ২, চুয়াডাঙ্গার ৩, নড়াইলের ১, খুলনার ৩, ঝিনাইদহের ৪ ও মেহেরপুরের ১ জন আছেন। এ সময় বাগেরহাটে কারও করোনা শনাক্ত হয়নি।
সূত্র আরও জানায়, গতকাল বুধবারের প্রতিবেদন অনুযায়ী, আগের দিনে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। মারা যান একজন। শেষ ২৪ ঘণ্টায় আগের চেয়ে ৩২টি নমুনা কম পরীক্ষা হয়েছে। এতে বিভাগে শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার সামান্য কমেছে। তবে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত আছে।
বৃহস্পতিবার ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬০ জন। এর মধ্যে ১৫৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, করোনায় বিভাগে এখন পর্যন্ত ৩ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ২ দশমিক ৮ শতাংশ। মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার সর্বোচ্চ ৭৯৭ জন রয়েছেন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ১৬৫ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৩৭ শতাংশ।