খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা শনাক্ত
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময় করোনায় সংক্রমিত একজনের মৃত্যু হয়েছে। বিভাগের ১০ জেলার মধ্যে ৮ জেলায় শনাক্ত ৩৯ শতাংশের ওপরে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ১৪। আগের দিন এ হার ছিল ৩৪ দশমিক ৪৫। আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা কমেছে, তবে সংক্রমণের হার কিছুটা বেড়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২০৪ জন, যশোরে ১৩০, কুষ্টিয়ায় ১১৪, সাতক্ষীরায় ৭৬, বাগেরহাটে ৫৯, নড়াইলে ৪৪, ঝিনাইদহে ৪২, মেহেরপুরে ৩৫, চুয়াডাঙ্গায় ২৮ ও মাগুরায় ২১ জন রয়েছেন।

বিভাগের মধ্যে মাগুরায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৬ দশমিক ৩৬। এ ছাড়া ঝিনাইদহে শনাক্তের হার ৪৯ ও মেহেরপুরে ৪৮। সবচেয়ে কম শনাক্তের হার চুয়াডাঙ্গায়, ১১ দশমিক ২৪।

প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, বিভাগে বর্তমানে করোনা রোগী আছেন ৯ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ১৯৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২২ হাজার ৭৮৭ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২১১ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, বিভাগে চার দিন ধরে সংক্রমণ পরিস্থিতি খানিকটা স্থিতাবস্থায় আছে। এই সময় শনাক্ত ৩৩ থেকে ৩৬ শতাংশের মধ্যে রয়েছে, তবে এবারের ঢেউয়ে উপসর্গ মৃদু হওয়ায় অনেকে পরীক্ষা করাচ্ছেন না। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।